মক্কা-মদিনাসহ সৌদির বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ ও ধুলিঝড়ের সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। বাসিন্দা ও ওমরাহ পালনকারীদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মক্কা, মদিনা, রিয়াদ, পূর্বাঞ্চল এবং সীমান্তবর্তী কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪৭ থেকে ৪৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে প্রবল ধুলিঝড়ের কারণে অনেক এলাকায় দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, ধুলিঝড়ের সময় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এতে খোলা জায়গা, মহাসড়ক ও মরু অঞ্চলে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
কর্তৃপক্ষ বিশেষ করে বয়স্ক, শিশু এবং দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক, ছাতা বা সান প্রোটেকশন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বছরগুলোতে তীব্র তাপপ্রবাহ ও ধুলিঝড়ের ঘটনা বেড়েছে। তাই এ ধরনের আবহাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ।
সূত্র: ক্যারিও সায়েন্স।
ভোরের আকাশ/এনএ