তালিকায় এম. এস. এয়ার সার্ভিস
২০২৭ সালের হজে প্রাথমিক অনুমতি পেল ৩৫৭ এজেন্সি

আগামী বছরের (২০২৭) হজ কার্যক্রম পরিচালনার জন্য প্রথম পর্যায়ে ৩৫৭টি হজ এজেন্সিকে শর্তসাপেক্ষে প্রাথমিক অনুমতি দিয়েছে সরকার। রোববার (১৯ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত প্রাথমিক যোগ্য হজ এজেন্সির তালিকায় এসব প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়।
প্রকাশিত তালিকায় দেশের বিভিন্ন স্বনামধন্য হজ এজেন্সির পাশাপাশি হজ লাইসেন্স নং-০৯২২-এর অধীনে এম. এস. এয়ার সার্ভিসও স্থান পেয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তালিকাভুক্ত এজেন্সিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রী নিবন্ধন, অ্যালায়েন্স গঠন, লাইসেন্স নবায়ন এবং ই-হজ সিস্টেমে নিবন্ধনসহ সব শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ সাপেক্ষেই তারা ২০২৭ সালের হজযাত্রীদের সেবা প্রদান ও হজ কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে।
এম. এস. এয়ার সার্ভিস-এর প্রোপ্রাইটর নেছারুদ্দিন বিন কাশেম এ প্রাথমিক অনুমোদনকে মহান আল্লাহর অশেষ রহমত উল্লেখ করে বলেন, "আলহামদুলিল্লাহ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত প্রাথমিক যোগ্য হজ এজেন্সির তালিকায় এম. এস. এয়ার সার্ভিসের অন্তর্ভুক্তি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা হজ ও ওমরাহ যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।"
এছাড়া অনিবন্ধিত কাউকে হজযাত্রী হিসেবে সৌদি আরবে পাঠানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ভোরের আকাশ/এনএ