চলতি বছরে রোজা ২৯ নাকি ৩০টি?

চাঁদ দেখা ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের পার্থক্যের কারণে এ বছর বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে সামান্য ভিন্নতা দেখা যেতে পারে। কোথাও রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। তবে জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, রমজান মাস শেষ এবং শাওয়াল মাসের শুরু অর্থাৎ ঈদুল ফিতরের তারিখ বেশির ভাগ মুসলিম দেশেই একই দিনে হতে পারে।
সংযুক্ত আরব আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের শুরুতে কিছুটা মতপার্থক্য থাকলেও মাসের শেষ দিকে তা থাকবে না। তার মতে, অধিকাংশ দেশে রমজান শেষ হতে পারে ১৯ মার্চ এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২০ মার্চ।
দৈনিক এমারাত আল ইউমকে দেওয়া বক্তব্যে আল জারওয়ান বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এবার রমজান ২৯ দিনের হবে। সব দিক বিবেচনায়, রমজান শুরু হওয়ার সবচেয়ে সম্ভাব্য দিন হলো বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।
তিনি আরও জানান, রমজানের নতুন চাঁদ জন্ম নেবে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে (আমিরাত সময়)। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদ অস্ত হয়ে যাবে। তখন চাঁদের বয়স হবে আনুমানিক ২ ঘণ্টা ১২ মিনিট, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব। ফলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি, এবং সেই অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হওয়ার কথা।
ভোরের আকাশ/তা.কা