গ্রীষ্মের জন্য পারফেক্ট:পাকা আমের ললি আইসক্রিম

জ্যৈষ্ঠের তীব্র দাপদাহ আর তপ্ত রোদে এক ফালি স্বস্তি দিতে পারে ঠান্ডা ঠান্ডা এক কাঠি ললি আইসক্রিম। আর গ্রীষ্মের মরসুম মানেই তো ফলের রাজা আমের রাজত্ব। বাজার এখন পাকা ও কাঁচা আমে ভরপুর। ছোটবেলার স্কুল গেটের সেই রঙিন ললি আইসক্রিমের স্বাদ ও নস্টালজিয়া যদি ঘরেই ফিরিয়ে আনা যায়, তবে কেমন হয়?
বাজারে কেনা আইসক্রিমে কৃত্রিম রঙ ও কেমিক্যালের ভয় থাকে। কিন্তু ঘরে মাত্র ৩-৪টি সাধারণ উপাদান দিয়ে একদম স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক উপায়ে তৈরি করে নিতে পারেন জিভে জল আনা 'পাকা আমের ললি আইসক্রিম'। এটি ছোট-বড় সবারই ক্লান্তি দূর করে শরীরে এনে দেবে প্রশান্তি।
নিচে এর সহজ ও ঝটপট রেসিপিটি তুলে ধরো হলো:
প্রয়োজনীয় উপাদান:
- পাকা আমের পাল্প বা পিউরি — ২ কাপ (আঁশ ছাড়া মিষ্টি আম হলে ভালো)
- চিনি — ৪-৫ টেবিল চামচ (আমের মিষ্টি বুঝে কম-বেশি করতে পারেন)
- লেবুর রস — ১ চামচ (আইসক্রিমে হালকা টক-মিষ্টি স্বাদ আনার জন্য)
- পানি — ১ কাপ
- ললি আইসক্রিমের মোল্ড বা ছাঁচ এবং আইসক্রিমের কাঠি।
তৈরি করার সহজ পদ্ধতি:
ধাপ ১: প্রথমে পাকা আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার ব্লেন্ডারে আমের টুকরোগুলো নিয়ে কোনো পানি ছাড়াই ব্লেন্ড করে মসৃণ পাল্প বা পিউরি তৈরি করে নিন। আমে যদি আঁশ থাকে, তবে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া ভালো, এতে আইসক্রিম কামড়ানোর সময় মুখে আঁশ লাগবে না।
ধাপ ২: একটি পাত্রে এক কাপ পানি এবং চিনি একসাথে মিশিয়ে নিন। চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত নাড়ুন (এটি জ্বাল দেওয়ার প্রয়োজন নেই, সাধারণ পানিতে চিনি গুলিয়ে নিলেই হবে)। এবার এই চিনি-পানির মিশ্রণের মধ্যে ২ কাপ আমের পিউরি, লেবুর রস এবং ইচ্ছা হলে সামান্য বিট লবণ দিয়ে দিন। চামচ দিয়ে খুব ভালো করে পুরো মিশ্রণটি নেড়ে মিশিয়ে নিন।
ধাপ ৩: আইসক্রিমের মিশ্রণটি এখন পুরোপুরি তৈরি। এবার ললি আইসক্রিমের মোল্ড বা প্লাস্টিকের ছাঁচগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। প্রতিটি মোল্ডে ওপর থেকে সামান্য খালি রেখে আমের মিশ্রণটি ঢেলে দিন। (যদি আইসক্রিমের ছাঁচ না থাকে, তবে ওয়ান-টাইম চায়ের কাপ বা কাঁচের ছোট গ্লাসেও এটি জমাতে পারেন)।
ধাপ ৪: মোল্ডের মুখগুলো ফয়েল পেপার দিয়ে ঢেকে দিন এবং ফয়েল পেপারের মাঝখানটা সামান্য কেটে আইসক্রিমের কাঠিগুলো সোজা করে বসিয়ে দিন। এবার মোল্ডটি ডিপ ফ্রিজে (Deep Freezer) অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা বা সারারাত জমতে দিন।
আইসক্রিম মোল্ড থেকে বের করার সহজ ট্রিক:
ফ্রিজ থেকে বের করেই আইসক্রিম কাঠি ধরে টানাটানি করবেন না, এতে কাঠি ছুটে চলে আসতে পারে। মোল্ডটি ফ্রিজ থেকে বের করে সাধারণ তাপমাত্রার পানিতে মাত্র ১০-১৫ সেকেন্ড ডুবিয়ে রাখুন। অথবা হাতের তালু দিয়ে মোল্ডের চারপাশ কিছুক্ষণ ঘষুন। এবার কাঠি ধরে আলতো করে ঘোরালেই একদম নিখুঁত ও ঝকঝকে ললি আইসক্রিম বেরিয়ে আসবে।
দুপুরের তপ্ত রোদ থেকে এসে ফ্রিজ থেকে বের করা এই ঠান্ডা টক-মিষ্টি আমের ললি মুখে দিলে নিমেষেই প্রাণ জুড়িয়ে যাবে। যেহেতু এতে কোনো কৃত্রিম রঙ বা প্রিজারভেটিভ নেই, তাই শিশুদের জন্য এটি শতভাগ নিরাপদ ও পুষ্টিকর। এই গ্রীষ্মে আমের ভরা মরসুমে আজই রেসিপিটি ট্রাই করুন এবং পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন খাঁটি আমের স্বাদ!
ভোরের আকাশ/জেআ