কলকাতার পাইকারি বাজারে নিলামে উঠল বাংলাদেশের ইলিশ

দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ কলকাতার বাজারে পৌঁছেছে। বুধবার রাত থেকে ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্তের মাধ্যমে ভারতে প্রবেশ করে। এর পর আরও ৫০ মেট্রিক টন কলকাতার পাইকারি বাজারে পাঠানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও হাওড়ার পাইকারি বাজারে এসব ইলিশ নিলামে ওঠে। খুচরা বাজারে ইলিশের দাম ধরা হয়েছে কেজিপ্রতি ১৬০০–১৭০০ টাকা, তবে চাহিদা বেড়ে গেলে দাম আরও বাড়তে পারে।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, শারদোৎসবের আগে ধাপে ধাপে ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হবে। সরকার এ বছর ৩৭টি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলার (প্রায় ১,০৫৭ টাকা) দরে রপ্তানি করা হবে।
মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, চলতি সপ্তাহে কলকাতা ও পাশের জেলার বাজারগুলোতে বাংলাদেশি ইলিশের সরবরাহ শুরু হবে।
ভোরের আকাশ // হ.র