পেঁয়াজের বাড়তি দামে হতাশ ক্রেতা, সবজিতে স্বস্তি

এক সপ্তাহের ব্যবধানে চওড়া পেঁয়াজের বাজার। কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। এদিকে, শীতের আগাম সবজিতে বাজার সাজলেও দাম খানেকটা বাড়তি। যেকোনো সবজি কিনতে হলে গুনতে হচ্ছে ৬০ থেকে ১২০ টাকা।
বাড়তি দামের উত্তাপ রয়েছে ডিম, মুরগি এবং মাছ বাজারেও। বাড়তি দামের বেড়াজালে তাই হতাশ ক্রেতা।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর কয়কটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের আনাগোনা বেশি রাজধানীর বাজারগুলোয়। যদিও বাজারে নিত্যপণ্যের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েই চলেছে। আগাম শীতের সবজিতে কাচাবাজার সেজে উঠলেও পুরোপুরি স্বস্তি নেই।
এদিকে সবজির বাজারের পাশাপাশি চওড়া পেঁয়াজের বাজার। গত পাঁচদিনে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৪০ টাকা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা। আর প্রতি পাল্লা বিক্রি হচ্ছে ৫৮০ টাকায়। বিক্রেতারা বলছেন, পণ্যের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। সরবরাহ সংকটের অজুুহাতে দেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজিপ্রতি ৪৭ থেকে ৫০ শতাংশ ।
অন্যদিকে শীতের আগাম সবজিতে বাজার সাজলেও দাম বেড়ে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়, গাজর ১৫০ টাকা, মুলা ৪০-৫০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০-৮০ ও লাউ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি কিনতে গুনতে হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা।
এছাড়া প্রতিকেজি ঢেঁড়শ ৪০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
এরমেধ্যে দাম বাড়তি আমিষের বাজারেও। ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩৫-১৪২ টাকায়। এদিকে মুরগির দাম বেড়েছে কেজিতে ২০-৩০ টাকা। বাজারে ব্রয়লার মুরগি এখন ১৬০ থেকে ১৭০ টাকা আর সোনালি মুরগি ২৬০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মাছের দামের উত্তাপও কম নয় বাজারে। যেকোনো মাছ কিনতে গেলেই কষতে হচ্ছে ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত।
এদিকে, দামের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারি তদারকি প্রয়োজন বলে মনে করছেন ক্রেতারা।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মগবাজার কাঁচা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন তোহা। তিনি বলেন, বিগত কয়েক মাস ধরে সবজির দাম আসলেই অনেক বেশি ছিল। সে তুলনায় গত সপ্তাহে কিছুটা কম দামের সবজি কেনা গেল, গত সপ্তাহে বেশিরভাগ সবজি ছিল ৬০ টাকার ঘরে, আজ আবার সেটা বেড়ে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। তবে আগের কয়েক মাসের তুলনায় সবজির দাম কমেছে।
সবজির দাম বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সোহেল হোসেন বলেন, বিগত চার মাস ধরে সবজির বাড়তি দাম অনেকটাই কমে এসেছে। গত সপ্তাহে বেশ কম দাম গেছে সবজির দাম, কিন্তু এরপরেই বৃষ্টির কারণে সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে গত সপ্তাহে যে সবজি ৬০ টাকায় বিক্রি করেছি, আজ সেটা আবার ৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে শীত আসা শুরু হওয়ার কারণে সব ধরনের সবজির দামই এখন কমে যেতে থাকবে। পুরো শীত জুড়ে বাজারে প্রচুর পরিমাণে সবজি সরবরাহ থাকবে, সে সঙ্গে দামও অনেক কমে যাবে।
ভোরের আকাশ/মো.আ.