বিলবোর্ডে টানা ৩১ সপ্তাহ বিটিএসের অ্যালবাম ‘আরিরাং’

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের (BTS) সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ব্যান্ডটির পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ টানা ৩১ সপ্তাহ ধরে জায়গা ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ চার্টে। প্রকাশের সাত মাসেরও বেশি সময় পরও অ্যালবামটির এই অবস্থান ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
বিলবোর্ডের ৩১ অক্টোবরের চার্টে ‘আরিরাং’ রয়েছে ৪৬তম অবস্থানে। আগের সপ্তাহের তুলনায় পাঁচ ধাপ পিছিয়েছে অ্যালবামটি। তবে চার্টে টানা ৩১ সপ্তাহ অবস্থান ধরে রাখাই বিটিএসের জনপ্রিয়তার ধারাবাহিকতার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
চলতি বছরের ২০ মার্চ প্রকাশিত হয় ‘আরিরাং’। বিলবোর্ড ২০০ চার্টে ৪ এপ্রিল অ্যালবামটির অভিষেক হয় এক নম্বরে। এরপর টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখে এটি। এ ছাড়া বিলবোর্ডের ‘টপ অ্যালবাম সেলস’ তালিকায় ১৯তম অবস্থানে রয়েছে অ্যালবামটি।
অ্যালবামটির প্রধান গান ‘সুইম’ও আন্তর্জাতিক সংগীত অঙ্গনে ভালো অবস্থান ধরে রেখেছে। বিলবোর্ডের ‘গ্লোবাল ২০০’ চার্টে গানটি রয়েছে ২৮তম স্থানে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাইরের বাজারের জনপ্রিয়তা বিবেচনায় করা ‘গ্লোবাল এক্সক্লুডিং ইউএস’ চার্টে গানটির অবস্থান দশম। এই তালিকার শীর্ষ দশে মোট ৩০ সপ্তাহ কাটিয়েছে গানটি।
এদিকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়েও নতুন মাইলফলক ছুঁয়েছে ‘আরিরাং’। বিগ হিট মিউজিকের তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর অ্যালবামটির মোট স্ট্রিম ৫০০ কোটি ছাড়িয়েছে। একই মাসের ২৪ অক্টোবর ‘সুইম’ গানটি স্পটিফাইয়ে ১০০ কোটি স্ট্রিমের মাইলফলক অর্জন করে।
দীর্ঘ বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে ফিরে এসে বিটিএসের এই ধারাবাহিক সাফল্য বিশ্বসংগীতের বাজারে ব্যান্ডটির অবস্থানকে আরও দৃশ্যমান করেছে। অ্যালবামটির পাশাপাশি ‘সুইম’ গানটির চার্টে অবস্থানও ভক্তদের আগ্রহ ধরে রেখেছে।
ভোরের আকাশ/জেআ