মুরগি-ডিমের ধাঁধায় নতুন রূপে জয়া আহসান

মুরগি আগে, নাকি ডিম—বহুদিনের এই ধাঁধাকে ঘিরে এবার মজার ভঙ্গিতে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। মুরগি ও ডিমের সঙ্গে ব্যতিক্রমী সাজে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে অনুসারীদের নজর কেড়েছেন তিনি।
ফেসবুক পোস্টে জয়া লিখেছেন, “মুরগি আগে নাকি আমি! থুক্কু ডিম আগে!” তাঁর এই মজার ক্যাপশন ঘিরে তৈরি হয়েছে ছবিগুলোর মূল ভাবনা। ছবিতে দেখা যায়, সোনালি-কমলা নকশার শাড়ি, গোলাপি ব্লাউজ ও মাথায় ফুলের সাজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। কোথাও হাতে স্লেট নিয়ে দাঁড়িয়ে আছেন, আবার কোথাও দুই হাত ছড়িয়ে মুরগির কাটআউটের পাশে ধরা দিয়েছেন ভিন্ন ভঙ্গিতে।

ফটোশুটের পটভূমিতেও রয়েছে ব্যতিক্রমী আয়োজন। নীল-সবুজ রঙের আবহে ক্যানভাস ও কাগজের ব্যবহার ছবিগুলোকে দিয়েছে শিল্পিত রূপ। ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে আধুনিক সাজ এবং মুরগি-ডিমের মতো পরিচিত উপকরণের সমন্বয়ে তৈরি হয়েছে কিছুটা মজার, কিছুটা কল্পনাপ্রবণ দৃশ্যকল্প।
অভিনয়ের পাশাপাশি পোশাক ও ফ্যাশনে নানা ধরনের নিরীক্ষার জন্যও পরিচিত জয়া আহসান। এবারও প্রচলিত ফটোশুটের বাইরে গিয়ে ভিন্নধর্মী উপস্থাপনায় হাজির হয়েছেন তিনি। তাঁর এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ভোরের আকাশ/জেআ