বাড়তি পারিশ্রমিকের দাবিতে ‘প্রিন্স’র শুটিং বন্ধ ছিল : খসরু

রোজার ঈদে মুক্তি পাওয়া ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা “প্রিন্স” ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করা এই ছবিটি প্রযুক্তিগত নানা জটিলতার কারণে প্রত্যাশিত সাফল্য পায়নি এবং সমালোচনাও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সম্প্রতি সাবেক প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু এক সেমিনারে সিনেমাটির শুটিং ও প্রযোজনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তার দাবি, শ্রীলঙ্কায় ১৬ দিন অবস্থান করেও পুরো ইউনিট শুটিং করতে পারেনি। একই সঙ্গে ভারতে ডাবিং চলাকালে অতিরিক্ত পারিশ্রমিকের দাবি ওঠায় কাজ বন্ধ হয়ে যায়।
খসরু বলেন, ছবিটি মুক্তির পর দায়ভার প্রযোজকের ওপর চাপানো হলেও ভেতরের বাস্তবতা কেউ খতিয়ে দেখেনি। তার ভাষায়, একটি ইউনিট যদি বিদেশে দীর্ঘদিন থেকেও কাজ শেষ করতে না পারে, সেখানে প্রযোজকের একার দায় খুঁজে পাওয়া ঠিক নয়। তিনি আরও অভিযোগ করেন, চুক্তির বড় অংশ অর্থ পরিশোধের পরও শুটিং ও ডাবিং নির্ধারিত সময়ে শেষ হয়নি।
এদিকে শেষ পর্যায়ের শুটিং চলাকালে গুঞ্জন ওঠে, শাকিব খান শ্রীলঙ্কায় অন্য একটি প্রজেক্টে ব্যস্ত ছিলেন, ফলে “প্রিন্স”-এর কাজ বিলম্বিত হয়। খসরু মনে করেন, প্রযোজক সমিতি সক্রিয় থাকলে এসব সমস্যা দ্রুত সমাধান করা যেত।
অন্যদিকে সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, শাকিব খান বাড়তি পারিশ্রমিক দাবি করেছেন—এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার মতে, এটি গুজব এবং তিনি বা প্রযোজনা টিম এমন কোনো অভিযোগ কখনো তোলেননি।
প্রযুক্তিগত সমস্যার কারণে মাল্টিপ্লেক্সসহ দেশের একাধিক সিনেমা হলে দর্শকদের হতাশা দেখা যায়। শাকিব খান ছাড়াও “প্রিন্স” সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য ও ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।
ভোরের আকাশ/সু.পা