রাজনীতি নয়, এবার আগের মতো অভিনয়েই ফিরছেন দেব

টালিউডের জনপ্রিয় অভিনেতা ও সাবেক সংসদ সদস্য দেব ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। এক দশকেরও বেশি সময় তিনি ঘাটাল আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নতুন করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই তারকা। তিনি জানিয়েছেন, এবার তিনি রাজনীতির চেয়ে অভিনয়জীবনেই বেশি মনোযোগ দিতে চান।
বুধবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সদ্য রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিজয়ী পক্ষকে শুভেচ্ছা জানান দেব। সেখানে তিনি লেখেন, নতুন সরকার রাজ্যের উন্নয়ন, শান্তি ও জনগণের কণ্ঠস্বর নিশ্চিত করবে—এমন প্রত্যাশা তার। পাশাপাশি চলচ্চিত্র শিল্প নিয়েও ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলা চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ঐক্য ও সৃজনশীলতার পরিবেশ গড়ে তোলা জরুরি। তার মতে, চলচ্চিত্র শুধু বিনোদন নয়, এটি বাংলার সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।
নিজের এলাকা ঘাটালের দীর্ঘদিনের আলোচিত ‘মাস্টার প্ল্যান’ নিয়েও কথা বলেন দেব। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের সহযোগিতায় এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে, যা স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া তিনি চলচ্চিত্র শিল্প নিয়ে আরও বলেন, ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বিভাজন না থাকলে কাজের পরিমাণ বাড়বে এবং বাইরের ইন্ডাস্ট্রির সঙ্গেও সহযোগিতা বাড়বে।
সবশেষে তিনি স্পষ্ট করেন, এখন থেকে তিনি আগের মতোই মন দিয়ে অভিনয়ে ফিরতে চান এবং রাজনীতিতে আর গভীরভাবে যুক্ত থাকতে চান না। তার ভাষায়, দীর্ঘদিন ধরেই তিনি ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
তবে রাজনৈতিক পরিবর্তনের পর তার অবস্থান নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই তাকে সম্পূর্ণভাবে অভিনয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
বিশ্লেষকদের মতে, এই প্রতিক্রিয়ার মূল কারণ তার রাজনৈতিক পরিচিতি হলেও, অভিনয়জীবনে দেব এখনও সমানভাবে জনপ্রিয় এবং দর্শকদের কাছে গ্রহণযোগ্য।
ভোরের আকাশ/সু.পা