প্রত্যাখ্যান থেকে সাফল্যে বিদ্যা বালান

বলিউডে বিদ্যা বালান অন্যতম নির্ভরযোগ্য ও প্রভাবশালী অভিনেত্রী হিসেবে পরিচিত। তবে এই বিদ্যা বালানের ক্যারিয়ারের শুরুটা ছিল একেবারেই উল্টো পথে। একসময় চলচ্চিত্র নির্মাতারা তাকে ‘অশুভ’ বা ‘অলক্ষুণে’ বলেও মনে করতেন। একের পর এক সিনেমা থেকে বাদ পড়তে হয়েছে তাকে, এমনকি বহু রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ার কথাও জানা যায়। ক্রমাগত প্রত্যাখ্যানের কারণে একসময় তিনি নিজের আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছিলেন এবং আয়নায় নিজের দিকে তাকাতেও সংকোচ বোধ করতেন।
তবু দমে না গিয়ে সব প্রতিকূলতা জয় করে বিদ্যা আজ নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। খুব অল্প বয়সেই জনপ্রিয় টিভি শো ‘হাম পাঁচ’-এর মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করলেও চলচ্চিত্রে তার পথচলা মোটেও সহজ ছিল না।
ক্যারিয়ারের শুরুতে টানা ১৩টি প্রজেক্ট থেকে বাদ পড়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তিনি দক্ষিণ ভারতে যান। সেখানে মালয়ালাম সুপারস্টার মোহনলালের ‘চক্র’ ছবির জন্য অডিশন দিয়ে নির্বাচিত হলেও দুর্ভাগ্যজনকভাবে ছবিটি মাঝপথে বন্ধ হয়ে যায়।
এরপরই ইন্ডাস্ট্রিতে গুজব ছড়িয়ে পড়ে যে ওই প্রজেক্ট বন্ধ হওয়ার পেছনে বিদ্যার ভূমিকা রয়েছে। ফলে একের পর এক আরও আট-নয়টি সিনেমার প্রস্তাবও তার হাতছাড়া হয়ে যায়। নির্মাতাদের মধ্যে এমন ধারণা তৈরি হয় যে বিদ্যাকে নিয়ে কাজ করলে সিনেমা ব্যর্থ হতে পারে।
দীর্ঘ ব্যর্থতার পর ২০১০ সালের পর থেকে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে। ‘নো ওয়ান কিলড জেসিকা’ ও ‘কাহানি’-র মতো ছবির মাধ্যমে তিনি দর্শক ও সমালোচকদের নজর কাড়েন।
এরপর ২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ তার পুরো ভাবমূর্তি বদলে দেয়। সিল্ক স্মিতার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এই সিনেমার মাধ্যমে বিদ্যা প্রমাণ করেন, কোনো নায়ক ছাড়াই তিনি একাই একটি পূর্ণাঙ্গ সিনেমাকে সফলভাবে বহন করতে সক্ষম।
পরবর্তীতে ‘তুমহারি সুলু’, ‘শকুন্তলাদেবী’ এবং ‘শেরনি’-র মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতার আরও প্রমাণ রাখেন বিদ্যা বালান। এমনকি ২০২৪ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি ‘ভুল ভুলাইয়া ৩’-তেও কার্তিক আরিয়ান ও মাধুরী দীক্ষিতের সঙ্গে অভিনয় করে তিনি প্রশংসিত হন।
যে অভিনেত্রীকে একসময় ‘অলক্ষুণে’ বলে তাচ্ছিল্য করা হয়েছিল, আজ তিনিই বলিউডের অন্যতম সফল ও প্রশংসিত তারকাদের একজন।
ভোরের আকাশ/সু.পা