বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ আতিফ আসলাম

দীর্ঘ ১৮ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বাংলাদেশ সফরে এসে তিনি জানান, আগামী ৩১ জুলাই প্রকাশ পাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘সুবাহ আয়ে না’। একই সফরে ঢাকার একটি কনসার্টেও পারফর্ম করেন তিনি।
একান্ত আলাপচারিতায় নতুন অ্যালবাম, বাংলাদেশের প্রতি ভালোবাসা, কোক স্টুডিও, বাংলা গান গাওয়ার ইচ্ছা এবং দেশের শিল্পীদের সঙ্গে কাজের পরিকল্পনাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন এই জনপ্রিয় শিল্পী।
দীর্ঘ বিরতির পর নতুন অ্যালবাম প্রকাশের অনুভূতি জানাতে গিয়ে আতিফ বলেন, প্রায় ১৮ বছর ধরে ভক্তরা তাঁর নতুন অ্যালবামের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে।
তিনি বলেন, “৩১ জুলাই ‘সুবাহ আয়ে না’ প্রকাশ পাচ্ছে। এতদিন ধরে অসংখ্য মানুষ নতুন অ্যালবামের কথা জানতে চেয়েছেন। এবার তাদের সেই অপেক্ষার অবসান হচ্ছে।”
অ্যালবাম প্রকাশে দীর্ঘ বিরতির কারণ হিসেবে তিনি জানান, সিনেমার গান, আন্তর্জাতিক কনসার্ট ও বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত পারফরম্যান্সের ব্যস্ততায় নিজের মতো করে গান তৈরির সুযোগ খুব কম পেয়েছেন।
তবে এখন নিজের অনুভূতির গান নিয়ে আবার শ্রোতাদের সামনে ফেরার উপযুক্ত সময় বলে মনে করছেন তিনি।
আতিফ আসলামের মতে, একজন শিল্পী হিসেবে সবচেয়ে বেশি সৃজনশীল স্বাধীনতা থাকে নিজের অ্যালবামে। কারণ সেখানে নিজের অনুভূতি ও ভাবনা প্রকাশের সুযোগ থাকে। অন্যদিকে চলচ্চিত্রের গান গল্প, চরিত্র ও দৃশ্যের প্রয়োজন অনুযায়ী পরিবেশন করতে হয়।
কোক স্টুডিও পাকিস্তানে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, এটি সবসময় নতুন কিছু করার একটি চমৎকার প্ল্যাটফর্ম। নতুন শিল্পী ও নতুন সাউন্ড নিয়ে কাজ করার সুযোগ থাকায় এই উদ্যোগের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
বাংলাদেশের কোক স্টুডিও নিয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন। তাঁর ভাষায়, ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের কোক স্টুডিও যৌথভাবে কোনো প্রজেক্ট করলে সেটি সংগীতপ্রেমীদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে।
বাংলাদেশের দর্শকদের সম্পর্কে আতিফ বলেন, এখানকার মানুষ শুধু গান শোনেন না, গানকে হৃদয় দিয়ে অনুভব করেন। কনসার্টে হাজারো দর্শক একসঙ্গে গান গাইলে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।
বাংলাদেশের সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি।
আতিফ বলেন, বাংলাদেশে অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন। সুযোগ পেলে তাঁদের সঙ্গে যৌথভাবে কাজ করতে তিনি আগ্রহী।
বাংলা ভাষায় আরও গান গাওয়ার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, আগে একটি বাংলা গান করেছেন। তবে ভবিষ্যতে নিয়মিত বাংলা গান গাওয়ার আগে ভাষাটি আরও ভালোভাবে শিখতে চান। ভাষার প্রতি সম্মান রেখেই কাজ করতে চান বলে জানান তিনি।
বাংলাদেশের শিল্পীদের মধ্যে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে নিজের প্রিয় শিল্পীদের একজন হিসেবে উল্লেখ করেন আতিফ আসলাম।
তিনি জানান, রুনা লায়লার সঙ্গে একটি অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করার সুযোগ তাঁর জন্য স্মরণীয় অভিজ্ঞতা।
বাংলাদেশ সফরের সবচেয়ে প্রিয় দিক সম্পর্কে জানতে চাইলে আতিফ বলেন, এখানকার মানুষের আন্তরিকতা তাঁকে বারবার টানে। পাশাপাশি বাংলাদেশের খাবারেরও প্রশংসা করেন তিনি।
খিচুড়ি, বিরিয়ানি ও মালাই চা তাঁর বিশেষ পছন্দের খাবার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে এলে সবসময় নিজের খুব কাছের মানুষের কাছে ফিরে আসার অনুভূতি হয়।
ভোরের আকাশ/জেআ