মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে প্রতিবারই তিনি সেই খবর উড়িয়ে দেন। অবশেষে সোমবার (২৫ আগস্ট) নিজেই সুখবর দিলেন ভক্তদের।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর খবরে বলা হয়, ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন পরিণীতি। ছবিতে দেখা যায়, একটি ছোট কেকের ওপর আঁকা দুটি ক্ষুদ্র পায়ের ছাপ। সেখানে লেখা—“1+1=3”। যা স্পষ্ট করে দিচ্ছে, তাদের ঘরে আসতে চলেছে নতুন সদস্য।
ছবির ক্যাপশনে পরিণীতি লিখেছেন, “আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদপুষ্ট।” এ ঘোষণার মাধ্যমেই নিশ্চিত হলো, শিগগির বাবা-মা হতে চলেছেন পরিণীতি ও তার স্বামী, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।
এর আগে রাঘব এক অনুষ্ঠানে ইঙ্গিতও দিয়েছিলেন। কয়েক সপ্তাহ আগে কপিল শর্মার শোতে তিনি মজা করে বলেছিলেন, খুব শিগগির সুখবর দিতে চলেছেন তারা। সেই সময় অবাক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন পরিণীতি। সোমবারের পোস্টে মিলল তারই প্রমাণ।
শুধু কেকের ছবি নয়, আরও একটি ভিডিও শেয়ার করেছেন দম্পতি। সেখানে দেখা যায়, সকালে স্ত্রীকে নিয়ে হাঁটছেন রাঘব। কাজের ব্যস্ততার মাঝেও পরিণীতিকে সময় দিচ্ছেন তিনি। এই দৃশ্য ভক্তদের মন ছুঁয়ে গেছে।
খবরটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে। হাজারো ভক্ত ও শুভানুধ্যায়ী তাদের আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ে হয়। মাত্র দুই বছরের মধ্যেই তাদের ঘরে আসছে নতুন অতিথি।
ভোরের আকাশ//হ.র