‘আজ আবার মনে পড়ল... খুনি নই, প্রেমিক।’

বলিউড বাদশাহ শাহরুখ খান তাঁর আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার ভক্তদের সামনে হাজির করলেন।
মঙ্গলবার প্রকাশিত পোস্টারে শাহরুখের ঠোঁটে গোলাপ, চোখে তীব্র চাহনি। তাঁর এই লুকে অ্যাকশন আর রোমান্সের মিশেল নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘আজ আবার মনে পড়ল... খুনি নই, প্রেমিক।’ সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন সিনেমার নাম ‘কিং’।
পোস্টারে আরও জানানো হয়েছে, আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
মুক্তির তারিখ ঘিরেও ‘কিং’-কে বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে।
একই সময়ে মুক্তির তালিকায় রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডিউন: পার্ট থ্রি’ এবং নাগার্জুনের শততম সিনেমা ‘কিং১০০’। নাগার্জুনের ৬৭তম জন্মদিনে তাঁর নতুন সিনেমাটির ঘোষণা আসে, জানানো হয় মুক্তির তারিখও।
নিজের ৬০তম জন্মদিনে ভক্তদের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে ‘কিং’-এ নিজের চরিত্র নিয়ে কথা বলেছিলেন শাহরুখ। জানিয়েছিলেন, চরিত্রটি ‘নির্মম ও ধূসর’।
শাহরুখ বলেন, ‘মানুষ প্রায়ই নায়ক ও খলনায়কের মধ্যে একটা সীমারেখা টেনে দেয়। কিন্তু আমি কখনো এই বিভাজনে বিশ্বাস করিনি। ক্যারিয়ারের শুরুর দিকে “ডর”-এর মতো সিনেমায় অভিনয় করেছি। বর্তমান সময়ের মানদণ্ডে সেই চরিত্রকে খলনায়ক কিংবা অনুসরণকারী বলা হতো। এরপর “ডন”, “আনজাম” ও “বাজিগর”-এই সব সিনেমাতেই আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি।’
শাহরুখ খানকে কেন্দ্রীয় চরিত্রে রেখে নির্মিত ‘কিং’-এ আরও দেখা যাবে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও শাহরুখের মেয়ে সুহানাকে।
ভোরের আকাশ/জেআ