রাজনৈতিক ইস্যুতে ফের সরব ন্যানসির স্ট্যাটাস

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বরাবরের মতো এবারও তার স্পষ্ট বক্তব্য ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। আজ (২৪ মে) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন ন্যানসি। সেখানে তিনি লেখেন, ‘পলাতক নেত্রীর পলাতক ভাই-বোনদের শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি দিতে দেখি। এরা আজকাল কোন গ্রহে থাকে?’
যদিও স্ট্যাটাসে তিনি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অনেক নেটিজেন বিষয়টিকে নির্দিষ্ট একটি পক্ষের প্রতি ইঙ্গিত হিসেবে দেখছেন।
অনেকে ধারণা করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আত্মগোপনে থাকা কিছু নেতাকর্মী এবং তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির প্রসঙ্গেই এই মন্তব্য করেছেন এই গায়িকা। বিশেষ করে আড়াল থেকে দেওয়া বিভিন্ন হুমকি ও উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করেই তিনি এ ধরনের মন্তব্য করেছেন বলে মত দিচ্ছেন অনেকে।
ন্যানসির এই স্ট্যাটাস প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের নানা প্রতিক্রিয়াও দেখা গেছে।
এর আগেও দেশের বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও রাজনৈতিক ইস্যুতে সরব হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী। নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার কারণে তিনি একাধিকবার সমালোচনার মুখেও পড়েছেন। তবে সমালোচনাকে উপেক্ষা করে নিজের মত প্রকাশে বরাবরই অনড় থেকেছেন ন্যানসি।
ভোরের আকাশ/সু.পা