প্রেম-লিভ ইন, বিয়ের আগে সন্তান : রেমো-লিজেলের পুরনো স্মৃতি

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডিসুজা ও তার স্ত্রী লিজেল ডিসুজা এক ছাদের নিচে ২৫ বছর পূর্ণ করেছেন। দীর্ঘ দাম্পত্য জীবনের এই সময়ে তারা নিজেদের প্রেম ও জীবনের শুরুর দিকের অনেক অজানা গল্প আবারও তুলে ধরেছেন।
লিজেলের বর্ণনায়, মাত্র বিশ বছর বয়সে রেমোর সঙ্গে তার প্রেম শুরু হয়। এরপর তারা একসঙ্গে লিভ-ইন সম্পর্কেও থাকতে শুরু করেন। তবে সেই সময়েই ঘটে যায় বড় এক ঘটনা—লিজেল গর্ভবতী হয়ে পড়েন এবং বিষয়টি তার মায়ের কাছে ধরা পড়ে যায়।
তিনি জানান, একদিন হঠাৎ তার বাবা-মা বাসায় এলে দুর্বল শরীর ও চেহারা দেখে তার মা বুঝে ফেলেন যে তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি সামনে আসতেই দুই পরিবারের মধ্যে চমক তৈরি হয়।
লিজেল প্রথমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে বলেন, তারা নাকি গোপনে মন্দিরে বিয়ে করেছেন, যদিও বাস্তবে তা সত্য ছিল না। পরে তার মা বিষয়টি বুঝতে পারেন।
পরিবারের চাপের মুখে রেমো ও লিজেলকে আনুষ্ঠানিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিতে হয়। তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয়, শুধু মন্দিরে নয়, নিয়ম অনুযায়ী গির্জায় গিয়ে বিয়ে সম্পন্ন করতে হবে। পরে ১৯৯৯ সালে তারা খ্রিস্টান ধর্মীয় রীতিতে বিয়ে করেন।
বিয়ের আগেই তাদের প্রথম সন্তান ধ্রুব জন্ম নেয়। পরে এই দম্পতির ঘরে আসে আরেক পুত্র সন্তান গ্যাব্রিয়েল। দীর্ঘ পথচলায় প্রেম থেকে সংসার—সব মিলিয়ে রেমো-লিজেলের জীবন এখন সুখী পরিবারে পরিণত হয়েছে।
ভোরের আকাশ/সু.পা