আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন

আজ ২ নভেম্বর। বলিউডের কিংবদন্তি অভিনেতা ও কোটি ভক্তের হৃদয়ের মানুষ শাহরুখ খানের জন্মদিন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়, ব্যক্তিত্ব ও অনন্য পর্দা উপস্থিতি দিয়ে ভারতীয় চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেছেন এই অভিনেতা। ভক্তদের কাছে তিনি শুধু একজন তারকা নন, বরং ভালোবাসা, রোমান্স ও স্বপ্নের এক বিশেষ নাম।
১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তাঁর বাবা মীর তাজ মোহাম্মদ খান এবং মা লতিফ ফাতিমা। দিল্লিতে বেড়ে ওঠা শাহরুখের অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় ছোটবেলা থেকেই। টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করে পরবর্তী সময়ে বলিউডে পা রাখেন তিনি।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শাহরুখের। শুরুতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর ‘বাজিগর’, ‘ডর’ ও ‘আঞ্জাম’-এর মতো সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন। তবে রোমান্টিক নায়ক হিসেবে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী হয় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার মাধ্যমে।
এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা। ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মোহাব্বতে’, ‘কভি খুশি কভি গম’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমা তাঁর ক্যারিয়ারে যুক্ত করেছে নতুন মাত্রা। রোমান্টিক চরিত্রের পাশাপাশি অ্যাকশন, থ্রিলার ও ভিন্নধর্মী চরিত্রেও নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি।
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ২০০৫ সালে পদ্মশ্রী এবং ২০২৪ সালে সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পার্দো আল্লা ক্যারিয়েরা পুরস্কার পান এই অভিনেতা।
এদিকে এবারের জন্মদিন শাহরুখের ভক্তদের জন্য আরও বিশেষ হয়ে উঠেছে তাঁর নতুন সিনেমা ‘কিং’ ঘিরে। জন্মদিন উপলক্ষে সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’ প্রকাশ করা হয়েছে। এতে শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগর। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘কিং’-এর।
জন্মদিন ঘিরে মুম্বাইয়ে শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এর সামনে ভিড় করেন অসংখ্য ভক্ত। প্রিয় তারকার একঝলক দেখতে ভোর থেকেই সেখানে জড়ো হন তাঁরা। ভক্তদের ভালোবাসার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহরুখ। জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের সি-লিংকও আলোকসজ্জায় সাজানো হয়েছে।
ব্যক্তিজীবনে গৌরী খানের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য জীবন, সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে তাঁর পরিবার। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
দিল্লির সাধারণ এক তরুণ থেকে বিশ্বজুড়ে কোটি মানুষের ভালোবাসার ‘কিং খান’ হয়ে ওঠার গল্পটি নিঃসন্দেহে অনুপ্রেরণার। বয়সের ৬১তম বছরে পা রেখে শাহরুখ খান আবারও প্রমাণ করছেন, তারকাখ্যাতি শুধু পর্দার সাফল্যে নয়, দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়ার মধ্যেও নিহিত।
শুভ জন্মদিন, বলিউড বাদশাহ শাহরুখ খান।
ভোরের আকাশ/জেআ