শুটিংসেটে যেভাবে মারা গেলেন পরিচালক
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলা গত ২১ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ইতালির ভেনিসে শুটিং চলাকালীন আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর।
ঘটনার সময় ভেনিসের ঐতিহাসিক হোটেল ড্যানিয়েলিতে পঞ্চম সিজনের শেষ দৃশ্যের প্রস্তুতি চলছিল। হঠাৎই সেটে পড়ে যান দিয়েগো বোরেলা। সঙ্গে সঙ্গে চিকিৎসক ডাকা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। প্রাথমিকভাবে চিকিৎসকেরা নিশ্চিত করেন, তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিওস এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা গভীর দুঃখের সঙ্গে নিশ্চিত করছি যে ‘এমিলি ইন প্যারিস’-এর প্রোডাকশন দলের একজন সদস্য হঠাৎ মৃত্যুবরণ করেছেন। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।”
ভোরের আকাশ/তা.কা