একসঙ্গে মঞ্চ ভাগ করবেন প্রীতম, জেফার, পূজা ও তমা

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—এ প্রজন্মের জনপ্রিয় তিন তারকা। গান ও অভিনয়ের মাধ্যমে তারা দর্শক-শ্রোতাদের মন জয় করে চলেছেন। নতুন কোনো কাজ প্রকাশ পেলেই তা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ। পাশাপাশি মঞ্চে তাদের সরাসরি পরিবেশনা দেখার অপেক্ষায়ও থাকেন অসংখ্য অনুরাগী।
এবার সেই সুযোগ মিলবে, তবে টিভি পর্দায়। ২৪ মে মালয়েশিয়ায় এক মঞ্চে পারফর্ম করেছিলেন তারা। ‘সোনালী সন্ধ্যা’ নামের অনুষ্ঠানটি উপভোগ করেছিলেন সেখানে বসবাসরত প্রবাসী বাঙালিরা। তবে দেশের মানুষের সে সুযোগ হয়নি।
এবার এনটিভির পর্দায় দেখা যাবে অনুষ্ঠানটি। আগামীকাল চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘সোনালী সন্ধ্যা’। রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে প্রীতম, জেফার ও পূজা ছাড়াও পারফর্ম করতে দেখা যাবে প্রতীক হাসান, তমা মির্জাসহ অনেককে।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারতি হবে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরী’র প্রযোজনায় এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। বিশেষ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান। এরকম আরো অনেক অনুষ্ঠানে সাজানো হয়েছে চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী।