স্বাস্থ্য বিষয়ক গবেষণায় অ্যাওয়ার্ড পেলেন ডা. নাজিব ওয়াদুদ

স্বাস্থ্য বিষয়ক গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য ২০২৪ সালের ‘প্রফেসর ইমেরিটাস ড. মুক্তার মুহাম্মদ আলী অ্যাওয়ার্ড’ লাভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেল সেন্টারের অতিরিক্ত প্রধান চিকিৎসক (চুক্তিভিত্তিক) ডা. মো. আব্দুল ওয়াদুদ (নাজিব ওয়াদুদ)। পিএইচডি গবেষণাকালে প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা এবং মান বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে প্রতি বছর একজন গবেষককে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বুধবার (১ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ডা. ওয়াদুদের হাতে এই সম্মাননা ও অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ছায়েদুর রহমান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে এই পুরস্কার তুলে দেন।
ডা. ওয়াদুদ তার পিএইচডি গবেষণাকালে (২০২১-২০২৪) স্কপাস (ঝঈঙচটঝ) অনুমোদিত আন্তর্জাতিক জার্নালে মোট ১২টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। একই সময়ে অন্যান্য স্বীকৃত জার্নালেও তার আরও ৮টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, ডা. ওয়াদুদ ২০২০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইবিএসসি) থেকে এমফিল এবং ২০২৪ সালে পরিসংখ্যান
বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। চিকিৎসা ও গবেষণার পাশাপাশি ডা. নাজিব ওয়াদুদ সমকালের একজন বিশিষ্ট কথাশিল্পী ও অনুবাদক হিসেবে সুপরিচিত। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫টি। সাহিত্যকৃতি ও সৃজনশীল লেখনীর জন্য তিনি ইতোমধ্যে দেশ-বিদেশের বহু মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
ভোরের আকাশ/ইউএম