হঠাৎ অসুস্থ সোনু নিগম

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম নার্ভজনিত জটিলতায় ভুগছেন। আকস্মিক শারীরিক সমস্যার কারণে আপাতত গান গাওয়া থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন এই খ্যাতিমান গায়ক।
নিজের শারীরিক অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সোনু। ইনস্টাগ্রামে আপলোড করা একটি ভিডিও বার্তায় নিজের অসুস্থতা নিয়ে কথা বলেন তিনি।
ভিডিও থেকে জানা যায়, বাঁ দিকের গলার নার্ভে ব্যান্ডেজ করা হয়েছে সোনুর। গলার কাছের এ স্থানের নার্ভেই চাপ পড়েছে। এ ব্যথায় এক সপ্তাহের বেশি সময় ধরে ভুগছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, এ সমস্যায় গায়ককে ভুগতে হতে পারে ১ মাসের বেশি সময় ধরে। নিজের শারীরিক অসুস্থতা প্রসঙ্গে গলার কাছটা দেখিয়ে সোনু ভক্তদের উদ্দেশ্য করে বলেন,
আমার এখানের এই নার্ভে চাপ পড়ছে। গত এক সপ্তাহ ধরে এটা নিয়ে ভুগছি। এমআরআই, সিটি স্ক্যান সব হয়েছে। ওষুধ খাচ্ছি। ফিজিওথেরাপি চলছে। খুব কষ্টদায়ক। যন্ত্রণার মধ্যে আছি।
চিকিৎসকের পরামর্শে ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পেতে আর আক্রান্ত পেশী শিথিল করতে এখন পেনকিলার খাচ্ছেন গায়ক। এ ওষুধ সোনুর গলার সুরকে কিছুটা ভারী করে তুলেছে।
এ কারণে আসন্ন কনসার্টে গান গাওয়ার সময় তার কণ্ঠের পরিবর্তন অনুভব করতে পারেন সংগীতপ্রেমী ও ভক্তরা যা নিয়ে উদ্বেগে রয়েছেন এ শিল্পী। তবুও পেশাগত জায়গা থেকে কমিটমেন্ট ঠিক রাখতে আসন্ন কনসার্ট ক্যানসেল করবেন না বলে স্পষ্ট জানান বলিউডের এ সুরের জাদুকর।
ভোরের আকাশ/জেআ