বাংলাদেশের সিনেমায় মধুমিতার অভিনয় নিয়ে অনিশ্চয়তা?

বাংলাদেশের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নতুন এই কাজকে ঘিরে এরই মধ্যে দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। সিনেমাটির ঘোষণা ও মহরত অনুষ্ঠানের পর থেকেই আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।
কিন্তু শুটিং শুরুর আগেই তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। গুঞ্জন উঠেছে, ‘গুলশানের চামেলি’ সিনেমা থেকে নাকি সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। তবে এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সিনেমাটির পরিচালক মোহাম্মাদ ইকবাল।
তার দাবি, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মধুমিতাকে নিয়েই শুরু হবে সিনেমার শুটিং।
গত আগস্টে ঢাকায় ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরতে অংশ নিয়েছিলেন মধুমিতা। সেখানে প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় যুক্ত হওয়ার সুযোগ পেয়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই সিনেমাটির শুটিং শুরুর অপেক্ষায় ছিলেন দুই বাংলার দর্শক। এর মধ্যে হঠাৎ করেই নায়িকার সিনেমা ছেড়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জাগো নিউজকে পরিচালক মোহাম্মাদ ইকবাল বলেন, ‘এসব কথা কে বলেছে, আমি জানি। কিন্তু এখনি কোনো কিছুই বলতে চাই না। চলতি মাসের ২৩ তারিখ থেকে এফডিসির ফ্লোরে ‘গুলশানের চামেলি’ সেট নির্মাণের কাজ শুরু হবে। ২৮ তারিখে মধুমিতা দেশে আসবে। এরপর আমরা কয়েকদিন সিনেমাটির রিহার্সাল করব। বছরের শেষ মাসের ১ ডিসেম্বর এফডিসির ফ্লোরে মধুমিতাকে নিয়েই ক্যামেরা ওপেন করব।’
নায়িকার সরে দাঁড়ানোর গুঞ্জন নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন পরিচালক। বরং এমন আলোচনা সিনেমাটির প্রতি মানুষের আগ্রহ বাড়িয়েছে বলেই মনে করছেন তিনি। ইকবালের কথায়, ‘এই যে কথাগুলো ছড়িয়েছে, এতে আমারই ভালো হয়েছে। পাবলিসিটি পেয়েছে।’
অন্যদিকে একটি সংবাদমাধ্যমের কাছে মধুমিতা সরকারও সিনেমা ছাড়ার গুঞ্জন নাকচ করেছেন। তার ধারণা, একটি চক্র পরিকল্পিতভাবে এমন খবর ছড়াচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। বাংলাদেশেও আগে কাজ করেছেন এই অভিনেত্রী।
২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন। তবে এবারই প্রথম বাংলাদেশের সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।
প্রায় পাঁচ বছর আগে ‘গুলশানের চামেলি’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক মোহাম্মাদ ইকবাল। নানা কারণে এত দিন সিনেমাটির কাজ শুরু করা সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট টিম। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিতব্য সিনেমাটিতে মধুমিতা ছাড়াও অভিনয়ের কথা রয়েছে রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরের।
ভোরের আকাশ/জেআ