আবেগঘন চরিত্র ছেড়ে এবার কমেডিতে ম্রুণাল ঠাকুর

‘সীতা রামাম’ ও ‘হাই নান্না’র মতো আবেগঘন সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ম্রুণাল ঠাকুর। তবে এবার নিজের সেই পরিচিত সিরিয়াস ইমেজ ভেঙে পুরোপুরি কমেডি ও বাণিজ্যিক ধারার সিনেমায় নতুনভাবে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। বলিউডের জনপ্রিয় কমেডি নির্মাতা ডেভিড ধাওয়ানের নতুন সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এ দেখা যাবে ম্রুণালকে। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে কমেডি ঘরানায় কাজ করার অভিজ্ঞতা ও পরিচালককে নিয়ে নিজের অনুভূতির কথা শেয়ার করেন তিনি।
ম্রুণাল জানান, ডেভিড ধাওয়ানের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ ছিল বেশ চমকপ্রদ। তিনি বলেন, “এক কাপ চায়ের আড্ডায় ডেভিড স্যারের সঙ্গে প্রথম দেখা হয়েছিল। তখন আমি সিনেমার গল্প কী বা নায়ক কে— কিছুই জানতাম না। মাত্র ৪৫ মিনিট কথা বলার পর স্যার আমাকে বলেন, ‘তুমি অনেক ভালো অভিনয় করো। এবার আমি তোমার ভেতরের কমেডি করার ক্ষমতাটা সবাইকে দেখাতে চাই।’ ওই এক কথাতেই আমি রাজি হয়ে যাই।”
অভিনেত্রীর মতে, যদি কখনো কমেডি সিনেমা করতেই হতো, তাহলে সেটি ডেভিড ধাওয়ানের পরিচালনায় হওয়াই সবচেয়ে উপযুক্ত ছিল। কারণ বলিউডে তাকে কমেডি সিনেমার অন্যতম সফল নির্মাতা হিসেবে ধরা হয়।
পরিচালকের প্রশংসা করে ম্রুণাল মজার ছলে বলেন, “ডেভিড স্যার, আপনার সঙ্গে যদি আরও কয়েক বছর আগে দেখা হতো, তাহলে কত ভালোই না হতো! মনে মনে ভাবছিলাম, স্যার যেন আমাকে একসঙ্গে তিনটি সিনেমার জন্য সাইন করিয়ে নেন।”
তিনি আরও দাবি করেন, এই সিনেমায় কাজ করার পর তার কমেডি টাইমিং আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।
‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমায় ম্রুণাল ঠাকুরের সঙ্গে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে ও মণীশ পল। নতুন এই জুটির রোমান্স ও কমেডিতে ভরপুর সিনেমাটি আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভোরের আকাশ/সু.পা