জয়া আহসানের বোল্ড লুক ঘিরে সামাজিক মাধ্যমে তোলপাড়

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায়। অভিনয়ের পাশাপাশি নানাভাবে ভক্তদের চমকে দেন তিনি। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তার কয়েকটি ছবি ঘিরে ইতোমধ্যেই ভক্তমহলে সাড়া পড়েছে।
ছবিগুলোতে জয়াকে দেখা যায় হালকা গোলাপি রঙের ফ্লোরাল ডিজাইনের স্লিক রোব পরিহিত অবস্থায়। অনুমান করা হচ্ছে, কোনো বিলাসবহুল হোটেলের রুমে ফটোশুটের অংশ হিসেবে ছবি তোলা হয়েছে। একটি ছবিতে তাকে মেকআপ নিতে দেখা যায়, অন্যগুলোতে বিছানায় আধশোয়া কিংবা ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি।
অভিনেত্রীর এই নতুন লুককে ভক্তরা ‘বোল্ড’ আখ্যা দিচ্ছেন। পোস্ট করার পরপরই ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। জয়া ক্যাপশনে লিখেছেন, “আমার কাজের জায়গা থেকে”—এবং সংশ্লিষ্ট টিমের সদস্যদের ট্যাগ করেছেন। ফলে অনেকে ধারণা করছেন, এটি হয়তো তার আসন্ন কোনো কাজ কিংবা বিশেষ ফটোশুটের অংশ।
প্রশংসকরা তার সৌন্দর্য ও উপস্থিতি নিয়ে মুগ্ধতা প্রকাশ করছেন। অনেকের মন্তব্য, বয়সের সঙ্গে সঙ্গে জয়াকে আরও অনন্য ও আকর্ষণীয় মনে হচ্ছে।
ভোরের আকাশ/হ.র