‘দেলুপি’ দেখে মুগ্ধ অনুরাগ, দিলেন বিশেষ বার্তা

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি সিনেমা ‘দেলুপি’ দারুণ সাড়া ফেলেছে। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে জনপ্রিয়তা লাভ করেছে এই সিনেমা। গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দেলুপি’।
এবার সিনেমাটি দেখে প্রশংসা করলেন প্রখ্যাত ভারতীয় নির্মাতা অনুরাগ কশ্যপ।
গতকাল রোববার (২৮ জুন) নির্মাতা তাওকীর নিজের ফেসবুকে একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেটি সিনেমা রিভিউ সাইট ‘লেটারবক্স’–এর অনুরাগ কশ্যপের লেখা। ‘দেলুপি’ নিয়ে অনুরাগের লেখার স্ক্রিনশট শেয়ার করে তাওকীর লিখেছেন, ‘অনুরাগ কশ্যপ “দেলুপি” দেখে নিজের ভাবনা জানিয়েছেন। আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না।’
‘লেটারবক্স’–এ অনুরাগ ‘দেলুপি’ নিয়ে লিখেছেন, ‘ক্ষমতার রাজনীতি যে কত ক্ষুদ্র স্তরেও কাজ করে, সেটাই দেখা যায় “দেলুপি” গ্রামের গল্পে। শাসনব্যবস্থা বদলের পর বন্যায় দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ছোট্ট এই গ্রাম। গল্পটা এতটাই মানবিক যে মনে হয় যেন আমাদের নিজেরই পাশের গ্রামের কথা দেখছি। ভীষণ ভালো লেগেছে।’ সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
গত বছরের ৭ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেলুপি’। খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের প্রতিদিনকার সংগ্রামকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাটি।
‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। এটি শুধু ওই অঞ্চলের নয়; বরং এর সঙ্গে দেশের সর্বস্তরের মানুষ তাদের জীবনকে মেলাতে পারবেন।
সিনেমাতে অভিনয় করেছেন স্থানীয় অভিনয়শিল্পী। এর শুটিংও হয়েছে দেলুটি ইউনিয়নে।
ভোরের আকাশ/জেআ