রিভলবারের আদলে তৈরি লাইটার ঘিরে চাঞ্চল্য

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় আগ্নেয়াস্ত্র বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে পুলিশ। তবে পরে পরীক্ষা করে দেখা যায়, উদ্ধার হওয়া বস্তুটি কোনো আসল অস্ত্র নয়, বরং দেখতে আগ্নেয়াস্ত্রের মতো একটি লাইটার।
রোববার (২৮ জুন) বিকেলে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে একটি ধাতব তৈরি রিভলবার সদৃশ বস্তু পাওয়া যায়। প্রথমে এটিকে অস্ত্র মনে হলেও যাচাই-বাছাইয়ের পর জানা যায় এটি একটি শৌখিন লাইটার, যা দেখতে অনেকটা পিস্তলের মতো।
আটক ব্যক্তিরা হলেন চরলক্ষ্যা এলাকার মো. আকিব হোসেন (১৮), মো. শহিদুল ইসলাম (২০), মো. ইকরাম হোসেন (১৯) এবং মো. রুবেল হোসেন হৃদয় (১৯)।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা লাইটারটি চীনে তৈরি এবং বিউটেন গ্যাস দিয়ে পরিচালিত হয়। এটি মূলত রেপ্লিকা ডিজাইনের একটি পণ্য, যা দেখতে রিভলবারের মতো হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র কেনাবেচার অভিযোগে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে রিভলবারের আদলের একটি লাইটার জব্দ করা হয়।
তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বস্তুটিকে আসল অস্ত্র হিসেবে প্রচার করে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ভোরের আকাশ/জেআ