গর্জন দিতে প্রস্তুত 'কিং' ! বড়দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ছবি?

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ভক্তদের জন্য এলো দারুণ এক সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে তাঁর আসন্ন বহুল আলোচিত সিনেমা ‘কিং’–এর মুক্তির তারিখ।
সূত্র জানায়, আগামী ২০২৬ সালের ২৪ ডিসেম্বর, বড়দিনের ঠিক আগমুহূর্তে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই অ্যাকশন–থ্রিলারধর্মী সিনেমাটি। ছবিটির মুক্তির দিনটি নিজেই নিশ্চিত করেন শাহরুখ খান, সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৫ সেকেন্ডের একটি টিজার প্রকাশের মাধ্যমে।
টিজার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর অনুরাগীরা।

‘কিং’ সিনেমার অন্যতম বড় চমক হলো—এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও তাঁর কন্যা সুহানা খানকে। এর আগে সুহানা ওটিটি প্ল্যাটফর্মে ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক করলেও, ‘কিং’–ই হতে যাচ্ছে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা।
গুঞ্জন অনুযায়ী, ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে একজন দক্ষ ও রহস্যময় আততায়ীর ভূমিকায়, আর সুহানা থাকবেন তাঁর শিষ্যার চরিত্রে।
বাস্তব জীবনের বাবা–মেয়ের এই সম্পর্ক রূপালি পর্দায় কীভাবে ধরা পড়ে, তা দেখার জন্য দর্শকরা ইতিমধ্যেই মুখিয়ে আছেন।

প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘কিং’ ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল অ্যাকশন ড্রামা হতে চলেছে। ছবিটি পরিচালনা করছেন ‘পাঠান’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমায় শাহরুখের বিপরীতে এক শক্তিশালী নেতিবাচক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।
এছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রাঘব জুয়েল ও আরশাদ ওয়ারসি- যা ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

মুম্বাই ছাড়াও পোল্যান্ডসহ বিশ্বের একাধিক আন্তর্জাতিক লোকেশনে ছবিটির শুটিং চলছে। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর- যা সিনেমার সাউন্ডট্র্যাক নিয়েও বাড়তি প্রত্যাশা তৈরি করেছে।
সব মিলিয়ে, মুক্তির তারিখ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ‘কিং’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। বড়দিনে শাহরুখ খান যে আবারও প্রেক্ষাগৃহে রাজত্ব করতে চলেছেন, তা বলাই বাহুল্য।
ভোরের আকাশ/এনএস