মাতৃত্ব ও মায়ের অভাব নিয়ে পরীমণির আবেগঘন বার্তা

ঢালিউডের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রূপালি পর্দার কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন, সমসাময়িক নানা ইস্যু এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে বছরের প্রায় পুরো সময়ই তিনি থাকেন খবরের শিরোনামে।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন এই অভিনেত্রী। তার সেই পোস্ট ভক্ত-অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে। মাতৃত্বের অনুভূতির পাশাপাশি মায়ের প্রতি গভীর শূন্যতার কথাও তুলে ধরেছেন পরীমণি।
পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গা ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গা ঘেঁষতে পারি না।’
পরীমণির এই আবেগঘন পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও নেটিজেনরা তাকে ভালোবাসা ও সান্ত্বনা জানিয়েছেন। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীর কষ্টের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
পরীমণির পোস্টে মন্তব্য করে একজন নেটিজেন লিখেছেন, ‘মা-বাবার স্নেহই সন্তানের সবচেয়ে বড় নিরাপত্তা। অসুস্থ অবস্থায় আপনার ছেলের এভাবে আপনার কাছে ঘেঁষে থাকা তার ভরসা আর ভালোবাসারই প্রকাশ।’ আরেকজন মন্তব্য করেন, ‘মা তো মা-ই হন, পৃথিবীতে মায়ের সঙ্গে কারও তুলনা হয় না।’
ভোরের আকাশ/সু.পা