‘টয় স্টোরি ৫’-এ সুইফটের গান

নতুন সুখবর আসছে জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি’র অনুরাগীদের জন্য। বহুল প্রতীক্ষিত ‘টয় স্টোরি ৫’-এ কণ্ঠ দিচ্ছেন বিশ্বখ্যাত পপ ও কান্ট্রি সংগীতশিল্পীটেইলর সুইফট। আগামী শুক্রবার (৫ জুন) মুক্তি পেতে যাচ্ছে ছবির জন্য তার গাওয়া নতুন গান।
শুধু সংগীতই নয়, এবারের চলচ্চিত্রের গল্পেও থাকছে সময়োপযোগী একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্মাতারা শিশুদের অতিরিক্ত ডিভাইস ব্যবহার ও ‘স্ক্রিনটাইম’-নির্ভরতার মতো বৈশ্বিক উদ্বেগকে গল্পের কেন্দ্রবিন্দুতে তুলে ধরেছেন। ফলে বিনোদনের পাশাপাশি সমসাময়িক সামাজিক বার্তাও বহন করবে বহুল আলোচিত এই সিনেমাটি।
গত এপ্রিল থেকেই টেইলর সুইফটের অফিশিয়াল ওয়েবসাইটে একটি রহস্যময় কাউন্টডাউন এবং বিলবোর্ডের সংকেত দেখে ভক্তদের মনে গুঞ্জন উঠেছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডিজনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ শিরোনামের গানটি নিয়ে আসছেন সুইফট।
আগামী ১৯ জুন সিনেমাটি মুক্তির দুই সপ্তাহ আগেই ভক্তরা গানটি শুনতে পাবেন। ডিজনির পক্ষ থেকে জানানো হয়েছে, এই গানের মাধ্যমে টেইলর সুইফট তার ক্যারিয়ারের শুরুর দিককার সেই চেনা ‘কান্ট্রি মিউজিক’ জনরায় ফিরে যাচ্ছেন। সিনেমার অন্যতম জনপ্রিয় কাউগার্ল চরিত্র ‘জেসি’র জীবনের যাত্রার ওপর ভিত্তি করেই গানটি তৈরি করা হয়েছে।
ছবির লেখক ও পরিচালক অ্যান্ড্রু স্ট্যান্টন এক বিবৃতিতে বলেন, ‘টেইলরকে এই প্রজেক্টে পাওয়া আমাদের জন্য অবিশ্বাস্য এক অনুভূতি। প্রথমবার শোনার পর মনে হয়েছে, এই গানটি যেন সবসময় এই ফ্র্যাঞ্চাইজির অংশই ছিল।’
অন্যদিকে নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সুইফট লিখেছেন, ‘৫ বছর বয়স থেকে আমি টয় স্টোরির ভক্ত। ছবিটির একটি আর্লি স্ক্রিনিং দেখার পর বাসায় ফিরেই গানটি লিখে ফেলি। এটি আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো।’ এদিকে গানটি সহ-প্রযোজনা করেছেন সুইফটের দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মী জ্যাক অ্যান্টনফ।
এবারের ‘টয় স্টোরি ৫’-এর গল্পে দেখা যাবে, বনি এখন আর আগের মতো খেলনা নিয়ে খেলে না। তার পুরো মনোযোগ কেড়ে নিয়েছে ‘লিলিপ্যাড’ নামের ব্যাঙের মতো দেখতে একটি নতুন ট্যাবলেট। ফলে বাজ লাইটইয়ার এবং জেসির মতো পুরোনো খেলনাগুলো অবহেলার শিকার হচ্ছে।
ভোরের আকাশ/জেআ