রাতে শেয়ালের ডাক শুনে ভয় লাগত : সাফা কবির

জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির নতুন কাজ নিয়ে বর্তমানে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি শুটিংয়ের নানা অভিজ্ঞতা ও স্মরণীয় মুহূর্তের কথা তুলে ধরেন। বিশেষ করে ‘চা গরম’ নাটকের শুটিং করতে গিয়ে চা বাগানে কাটানো সময়ের কিছু রোমাঞ্চকর স্মৃতি ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।
সাফা জানান, চা বাগানের মানুষের আন্তরিকতা ও সরল আচরণ তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তিনি বলেন, কাজের সূত্রে স্থানীয় মানুষের সঙ্গে মিশতে পেরেছেন, তাদের বাড়িতে বসে খাওয়ার সুযোগও হয়েছে। শুটিং শেষে বিদায়ের সময় তাদের মন খারাপ দেখে নিজেরও খারাপ লেগেছিল বলে জানান এই অভিনেত্রী।
শুটিংয়ের সময়ের একটি ভৌতিক অভিজ্ঞতার কথাও শেয়ার করেন সাফা। তিনি জানান, যে বাংলোতে তারা অবস্থান করছিলেন, সেটি ছিল একটি নির্জন টিলার ওপর, চারপাশজুড়ে ছিল বিস্তীর্ণ চা বাগান। নাটকের একটি সংলাপে বলা হয়েছিল, আশপাশে ২০ কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই—বাস্তব পরিস্থিতিও ছিল প্রায় তেমনই।
তার ভাষায়, গভীর রাতে শেয়ালগুলো বাংলোর খুব কাছে এসে ডাকাডাকি করত, যা পুরো পরিবেশকে বেশ ভৌতিক করে তুলত। সেই মুহূর্তগুলোতে ভয় ও রহস্যময় অনুভূতি কাজ করত বলেও জানান তিনি।
চা বাগান ঘিরে প্রচলিত নানা ভৌতিক গল্পের বিষয়ে প্রশ্ন করা হলে সাফা বলেন, ‘চা গরম’ নাটকে দেখানো অনেক ঘটনাই বাস্তবতার সঙ্গে মিল রয়েছে। দর্শকরা নাটকটি দেখলে সেই ভয় ও পরিবেশ সহজেই অনুভব করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।
তবে ভূতের গল্প বা শেয়ালের ডাকের চেয়েও নিজের সবচেয়ে বড় ভয় হিসেবে সাপের কথা উল্লেখ করেন সাফা কবির। তিনি স্বীকার করেন, তার ‘স্নেক ফোবিয়া’ রয়েছে এবং সাপের কথা শুনলেই তিনি অস্বস্তি অনুভব করেন।
ভোরের আকাশ/সু.পা