আশা ভোঁসলের অপ্রকাশিত গান নিয়ে চমক, সামনে আনলেন এ আর রহমান

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে নতুন একটি গানের টিজার প্রকাশ করেছেন সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমান। বিশেষ এই গানটি প্রকাশিত হচ্ছে প্রয়াত শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। চলতি বছরের এপ্রিলে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন আশা ভোঁসলে।
এই গানে কণ্ঠ দিয়েছেন এ আর রহমান ও আশা ভোঁসলে। গানটিকে বৈশ্বিক আবহ দিতে লন্ডনের খ্যাতনামা ট্রিনিটি লাবান মিউজিক কলেজের শাস্ত্রীয় সংগীতশিল্পীদেরও যুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রহমান লিখেছেন, এই বিশ্ব সংগীত দিবসে আমরা এমন একটি কণ্ঠকে উদযাপন করছি, যা প্রজন্ম, ভাষা ও দেশের সীমানা অতিক্রম করেছে। আশা ভোঁসলে জি জীবিত থাকতেই এই শ্রদ্ধাঞ্জলির পরিকল্পনা শুরু হয়েছিল। আমরা আশা করেছিলাম, এই প্রকল্পে থাকা ভালোবাসা ও কৃতজ্ঞতা তিনি নিজ চোখে দেখতে পারবেন।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে আমরা কিংবদন্তিদের সম্মান জানাই। সৌভাগ্যক্রমে আমাদেরও এমন একজন শিল্পী ছিলেন, যার কণ্ঠ অসংখ্য মানুষের জীবনের সঙ্গীত হয়ে উঠেছিল। তার অসাধারণ উত্তরাধিকারকে উদযাপন করতে আমরা বিভিন্ন সংগীতধারা ও শিল্পীদের একত্র করেছি।
আশা ভোঁসলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে রহমান বলেন, আশার কণ্ঠ ভারতীয় ও বৈশ্বিক সংগীতের অন্যতম সেরা উপহার। তিনি আমার সংগীতজীবনের অন্যতম বড় অনুপ্রেরণা ও পথপ্রদর্শক ছিলেন। তিনি চাইতেন, গানটি যেন প্রাণবন্ত ও আনন্দময় হয়। তাই আমরা রেকর্ডিংয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেছি। এই গানেও তিনি যে প্রাণশক্তি ও উষ্ণতা নিয়ে এসেছেন, সেটিই তাকে কালজয়ী করে রেখেছে।
এ আর রহমান ও আশা ভোঁসলের দীর্ঘদিন একসঙ্গে বিভিন্ন গানে কাজ করেছেন। তাদের জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে ‘রঙ্গীলা’ ছবির ‘রেঞ্জিলা রে’ ও ‘তানহা তানহা’, ‘তাল’-এর ‘কাহিন আগ লাগে’, ‘লগান’-এর ‘রাধা কাইসে না জালে’, ‘ঠকশক’-এর ‘রং দে’ এবং ‘সেপ্টেম্বর মাধাম’ এর মতো গান।
ভোরের আকাশ/জেআ