রামিসা হত্যাকাণ্ডে নাবিলার আবেগঘন পোস্ট

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডকে ঘিরে যখন দেশজুড়ে শোক, ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তার কথায় ফুটে উঠেছে গভীর হতাশা, ক্ষোভ ও অসহায়ত্ব।
আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র ‘বনলতা সেন’-এ নাম ভূমিকায় অভিনয় করা এই অভিনেত্রী শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন মা হিসেবেও বিষয়টি তাকে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে নাবিলা লিখেছেন, “আর কোনো কথাই বের হয় না। কী বলব? কী করলে নিরাপদে থাকবে আমাদের শিশুরা? কেন মানুষ হয়েও সবাই হিংস্র হয়ে উঠছে? সভ্য সমাজ বলতে কি আর কিছু আছে? কোথায় এর শেষ? আদৌ কি কোনো শেষ আছে? খুব অসহায় লাগে…”
অভিনেত্রীর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
সম্প্রতি পল্লবীতে শিশু রামিসার মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে।
ভোরের আকাশ/সু.পা