চলচ্চিত্র, সাহিত্য ও কর্পোরেট নেতৃত্বে সমান সক্রিয় আলী জুলফিকার জাহেদী

আলী জুলফিকার জাহেদী একজন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, ঔপন্যাসিক এবং কর্পোরেট নির্বাহী। কর্পোরেট খাতে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি চলচ্চিত্রাঙ্গনে যুক্ত হয়ে নির্মাণ, প্রযোজনা, চিত্রনাট্য রচনা ও গীতিকাব্য সৃষ্টির মাধ্যমে নিজস্ব অবস্থান গড়ে তোলেন।
তার নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজ: দ্য পেপার’ ২০২২ সালে মুক্তি পায়। মুক্তির পর চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে আলোচনার জন্ম দেয়। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান এবং সংগীতভিত্তিক নানা সৃজনশীল প্রকল্পেও কাজ করেছেন।
চলচ্চিত্রের পাশাপাশি জাহেদী কর্পোরেট ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমের সঙ্গেও সক্রিয়ভাবে সম্পৃক্ত। ব্যবসা খাত থেকে চলচ্চিত্র অঙ্গনে তার যাত্রা বিভিন্ন সময়ে গণমাধ্যমে আলোচিত হয়েছে। বিশেষ করে ‘কাগজ’ চলচ্চিত্রের প্রচারণায় ব্যবহৃত পোড়ামাটির (টেরাকোটা) পোস্টার ব্যাপক সাড়া ফেলে। বাংলাদেশের চলচ্চিত্র বিপণন ও প্রচারণায় এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অর্থায়ন, নতুন প্রতিভা বিকাশ, শিল্পের কাঠামোগত পরিবর্তন এবং যৌথ প্রযোজনার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তিনি মতামত প্রকাশ করে আসছেন। পাশাপাশি চলচ্চিত্রে নতুন শিল্পীদের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব নিয়েও বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন।
জাহেদীর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে। ২০২৬ সালে চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রভিত্তিক ‘অ্যাকোলেড গ্লোবাল ফিল্ম কম্পিটিশন’-এ পরিচালনা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘অ্যাওয়ার্ড অব রেকগনিশন’ লাভ করে। একই বছরে এটি পাকিস্তানের ‘পেশাওয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। আন্তর্জাতিক বিভিন্ন উৎসব ও প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ‘রক্তছায়া’ বিশেষভাবে আলোচনায় আসে এবং জাহেদীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ধারায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হয়।
চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি সাহিত্যচর্চার সঙ্গেও যুক্ত। ২০২৫ সালে প্রকাশিত বাংলা উপন্যাস ‘অক্ষরের ফাঁদ’-এর রচয়িতা তিনি। এছাড়া ‘অ্যাড্রিয়ান প্রোডাকশন্স’-এর মাধ্যমে বিভিন্ন সৃজনশীল ও গণমাধ্যমভিত্তিক প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন।
চলচ্চিত্র নির্মাণ, প্রযোজনা, লেখালেখি, গণমাধ্যম উন্নয়ন এবং কর্পোরেট ব্যবস্থাপনা—বিভিন্ন ক্ষেত্রজুড়ে বিস্তৃত তার পেশাগত কার্যক্রম। সৃজনশীলতা ও ব্যবসায়িক দক্ষতার সমন্বয়ে তিনি দুই অঙ্গনেই সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।
ভোরের আকাশ/সু.পা