দিল্লি উৎসবে সেরার স্বীকৃতি পেল ‘মানুষের বাগান’

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আবারও সাফল্যের মুখ দেখল বাংলাদেশের সিনেমা। নির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ জিতে নিয়েছে ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বেস্ট ফিচার ফিল্ম অন সোশ্যাল সাবজেক্ট’ পুরস্কার।
গত ১৯ মে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত উৎসবের পোস্ট ক্লোজিং অ্যাওয়ার্ড সেরিমনিতে ছবিটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার প্রীতি রহমান।
ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত এই উৎসবে বাংলাদেশের সমকালীন চলচ্চিত্রচর্চার জন্য অর্জনটিকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গত এক দশকে বাংলাদেশের তরুণ নির্মাতারা কান, বুসান, টরন্টো ও রটারডামের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজেদের স্বতন্ত্র নির্মাণভাষা ও গল্প বলার ধরনে নজর কাড়ছেন। ‘মানুষের বাগান’-এর এই অর্জন সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন বলে মনে করা হচ্ছে।
মানুষের একাকীত্ব, সম্পর্কের টানাপোড়েন, সামাজিক বিভাজন ও মানসিক সংকটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। ভিন্ন সামাজিক শ্রেণির মানুষের অদৃশ্য সংকট ও জীবনের জটিলতা কাব্যিক ভঙ্গিতে তুলে ধরেছেন নির্মাতা নূরুল আলম আতিক। ধীরগতির ভিজ্যুয়াল ভাষা, নীরবতার ব্যবহার ও আবহ নির্মাণ সিনেমাটিকে আলাদা মাত্রা দিয়েছে বলেও মত চলচ্চিত্রবোদ্ধাদের।
সিনেমাটিতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ প্রামাণিক, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মুনিরা মিঠু, মাহমুদ আলম, দীপান্বিতা মার্টিন ও অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।
এর আগে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল। এছাড়া ‘পেয়ারার সুবাস’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়। ফলে ‘মানুষের বাগান’-এর এই আন্তর্জাতিক স্বীকৃতিকে নির্মাতার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা