রহস্যময় সঙ্গীকে ঘিরে আলোচনায় কেয়া পায়েল

বহুল জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এ ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে জুটি হয়ে অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। ধারাবাহিকটিতে সামির-মেহরিন চরিত্রে অভিনয় করেছেন তারা। এতে তাদের রসায়ন পর্দা ছাপিয়ে বাস্তবজীবনেও সম্পর্ক নিয়ে গুঞ্জনের সৃষ্টি করে। যদিও নিজেদের মধ্যকার সম্পর্কের গুঞ্জনের বিষয়টি বারবার অস্বীকার করেছেন খায়রুল-কেয়া।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কেয়া পায়েলের নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। টিকটকে একটি ভিডিওতে দেখা গেছে, মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। কখনো তারা গল্প করছেন, আবার কখনো রেস্টুরেন্টে নিজের হাতে তরুণকে খাবার খাইয়ে দিচ্ছেন।
এ ভিডিওটি প্রকাশের পরই শুরু হয়েছে নানা চর্চা। একইসঙ্গে নানা প্রশ্ন তুলেছেন নেটিজেনরা―কে এই তরুণ, কেয়া পায়েলের সঙ্গে কী সম্পর্ক তার? দেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রীর একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ওই তরুণের নাম প্রাচুর্য। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই চেনাজানা ও ঘনিষ্ঠতা। কেবল মালদ্বীপ নয়, এর আগে তাদের যুক্তরাজ্যেও একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে।
এছাড়াও প্রতিবেদনে অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের বরাতে দাবি করা হয়েছে, কেয়া পায়েল ও ওই তরুণ দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। বিষয়টি দুই পরিবার জানে। আর তাদের ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।
এদিকে এ ব্যাপারে এখনো অভিনেত্রী বা তার পরিবার থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় কেয়া পায়েলের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে কৌতূহল বেড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের মধ্যে। এখন তার পক্ষ থেকে এ ব্যাপারে শুধু জানার অপেক্ষা।
ভোরের আকাশ/জেআ