কলকাতার প্রেক্ষাগৃহে এবার ‘তাণ্ডব’

গত বছরের জুনে বাংলাদেশে মুক্তি পেয়েছিল রায়হান রাফীর সিনেমা ‘তাণ্ডব’। শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান অভিনীত সিনেমাটি মুক্তির পর প্রেক্ষাগৃহে বেশ সাড়া ফেলেছিল। মাল্টিপ্লেক্সেও রেকর্ড পরিমাণ আয় করে ছবিটি। তবে পাইরেসির কবলে পড়ায় সেই সাফল্যের গতি কিছুটা থেমে যায়। এরপরও সিনেমাটি বড় ধরনের সাফল্য অর্জন করে।
এবার একই নামে সিনেমা হচ্ছে পশ্চিমবঙ্গে। সেখানকার ‘তাণ্ডব’ বানাচ্ছেন অয়ন চক্রবর্তী। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শুরু হয়েছে শুটিং। ক্ল্যাপবোর্ডের ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেল, এই ‘তাণ্ডব’ প্রযোজনা করছেন শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী। ফলে দীর্ঘ এক যুগ পর রাজের সিনেমায় অভিনয় করছেন মিমি। এর আগে তারা একসঙ্গে ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’র মতো সুপারহিট সিনেমা করেছেন। সর্বশেষ ২০১৫ সালে মুক্তি পায় তাদের ‘কাটমুণ্ডু’।
সে সময় অব্দি রাজ-মিমির প্রেম ছিল। পরে সম্পর্ক ভেঙে যায়। রাজ জড়িয়ে পড়েন শুভশ্রীর সঙ্গে। ঘর বাঁধেন, থিতু হন সংসারে। তবে অতীত অধ্যায় নিয়ে পড়ে না থেকে তারা নতুনভাবে কাজে ফিরলেন, বন্ধুত্বটাকে সঙ্গে নিয়ে।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মিমির পোস্ট করা ক্ল্যাপবোর্ডেই প্রকাশ্যে এসেছে সিনেমাটির নাম। তিনি নিজেও ক্যাপশনে কেবল নামটি দিয়েছেন। মিমির ওই পোস্টে আবার সাড়া দিয়েছেন শুভশ্রী। মন্তব্য করেছেন, ‘সুপার হ্যাপি!’ অর্থাৎ মিমির সঙ্গে নতুন কাজ নিয়ে তিনিও ভীষণ আনন্দিত।
সিনেমাটিতে মিমির সঙ্গে আর কারা থাকছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য সামনে আসেনি। ‘তাণ্ডব’ মুক্তি পাবে কবে, তাও এখনো ঘোষণা করেননি সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/জেআ