মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে মরক্কো। প্রিয় দলের এই পরাজয় মেনে নিতে পারেননি বলিউড অভিনেত্রী ও মডেল নোরা ফাতেহি। ম্যাচ শেষে স্টেডিয়ামেই অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, চোখের পানি মুছছেন নোরা। এ সময় পাশে থাকা এক ব্যক্তি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
বিশ্বকাপে মরক্কোর প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। এমনকি বোস্টনে ম্যাচ দেখতে যাওয়ার পথে তীব্র যানজটে আটকে গেলে গাড়ি থেকে নেমে হেঁটেই স্টেডিয়ামে পৌঁছান তিনি। মরক্কোর জয়ে প্রতিবারই হাসিমুখে মাঠ ছাড়লেও, ফ্রান্সের বিপক্ষে ২-০ ব্যবধানে হারের পর আবেগ ধরে রাখতে পারেননি।
কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। অন্যদিকে শেষ হয় মরক্কোর স্বপ্নযাত্রা।
পরাজয়ের পরও মরক্কো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন নোরা। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমিসহ পুরো দলের প্রতি নিজের গর্বের কথা প্রকাশ করেন।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছে নোরা ফাতেহি ও আশরাফ হাকিমির সম্পর্কের গুঞ্জন। গত এক বছর ধরে তাদের নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও, এ বিষয়ে এখন পর্যন্ত নোরা কিংবা হাকিমি কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
ভোরের আকাশ/এনএ