সিনেমার ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ওমর সানী

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও সরব হয়েছেন। চলচ্চিত্র অঙ্গনের কিছু অসংগতি নিয়ে প্রায়ই কথা বলতে দেখা যায় তাকে। এবার তার একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট ঘিরে চলচ্চিত্রপাড়ায় নতুন আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ওমর সানী লেখেন, “চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি। এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?”
যদিও পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে অনেকেই মনে করছেন সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন এই অভিনেতা। পোস্টের মন্তব্য ঘরে অনেকে অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গও টেনে আনেন।
সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমীর অনুমতি ছাড়াই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের একটি এক ঘণ্টার নাটককে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
অনেকের ধারণা, চলচ্চিত্রের মান ও মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ডে জড়িতদের উদ্দেশ্য করেই ক্ষোভ প্রকাশ করেছেন ওমর সানী। তার এমন অবস্থানকে সমর্থন জানিয়েছেন ভক্ত ও অনুসারীদের একটি বড় অংশ। তবে যাদের উদ্দেশ করে তিনি মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে, তাদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভোরের আকাশ/সু.পা