এফডিসিতে কোরবানির স্মৃতি নিয়ে পরীমণির আবেগঘন বার্তা

দীর্ঘদিন ধরে এফডিসির অসচ্ছল সহশিল্পীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কোরবানি দিতেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। তবে গত কয়েক বছর ধরে সেই চিত্র আর দেখা যাচ্ছে না। এবারও এফডিসিতে কোরবানি দিচ্ছেন না তিনি। তবুও তার প্রত্যাশা, এফডিসির সহশিল্পীদের ঈদ যেন আনন্দময়ভাবেই কাটে।
সম্প্রতি এ বিষয়ে কথা বলতে গিয়ে পরীমণি জানান, ২০১৬ সাল থেকে নিয়মিত এফডিসিতে কোরবানি দিয়ে আসছিলেন তিনি। তবে নানা কারণে গত চার বছর ধরে সেখানে আর কোরবানি দেওয়া হচ্ছে না।
পরীমণি বলেন, “আমি চাই এফডিসিতেও কোরবানি হোক। আমি থাকি বা না থাকি, যারা সেখানে আছেন—বিশেষ করে যাদের আপনারা দুস্থ সহশিল্পী বলেন—তাদের ঈদটাও যেন উৎসবমুখর হয়, সেটাই আমার চাওয়া।”
দীর্ঘদিন পর গ্রামে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপনের পেছনে তার প্রয়াত নানার ইচ্ছার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, তার নানা সবসময় চাইতেন তিনি বাড়িতে গিয়ে সবার সঙ্গে ঈদ উদ্যাপন করুন এবং নিজের হাতে কোরবানির মাংস বিতরণ করুন।
পরীমণির ভাষায়, “প্রায় আট-নয় বছর আমি বাড়িতে ঈদ করিনি, শুধু এফডিসির জন্য। পরে মনে হয়েছে, এফডিসির দায়িত্ব অন্য কেউও নিতে পারছে, তাই আমিও সেই দায়িত্বটা হস্তান্তর করতে পেরেছি। এরপর থেকেই বাড়িতে গিয়ে ঈদ করা শুরু করেছি।”
সবশেষে এই অভিনেত্রী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তিনি সবসময় চেষ্টা করেন। তার প্রত্যাশা, মানুষের মুখে হাসি থাকুক এবং ঈদের খুশি সবাই সমানভাবে অনুভব করুক।
ভোরের আকাশ/সু.পা