দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে সুনেরাহ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের অভিনয়জীবনে যুক্ত হচ্ছে একের পর এক নতুন অভিজ্ঞতা। বড় পর্দা, ছোট পর্দা কিংবা স্বাধীন ধারার চলচ্চিত্র, সব ক্ষেত্রেই নিজের অভিনয়দক্ষতা দিয়ে আলাদা পরিচিতি গড়ে তুলছেন তিনি।
২০২২ সালে ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের প্রথম আসরে উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সুনেরাহ। পাঁচ বছর পর গত ৯ অক্টোবর অনুষ্ঠিত পঞ্চম আসরে আবারও মঞ্চে ফেরেন তিনি। এবার ইরফান সাজ্জাদের সঙ্গে দ্বৈত পরিবেশনায় অংশ নেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানটি সুনেরাহর জন্য বিশেষ হয়ে ওঠে তার অভিনীত ‘দাগি’ সিনেমার দর্শকপ্রিয়তার স্বীকৃতির কারণে। ছবিটি জিতে নেয় দর্শক পছন্দের পুরস্কার। তবে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা থাকলেও পুরস্কারের মনোনয়ন না পাওয়া নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। সুনেরাহর মতে, পুরস্কারই স্বীকৃতির একমাত্র মাপকাঠি নয়। দর্শকের ভালোবাসা ও কাজের সাফল্যও তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
সম্প্রতি রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনী উপলক্ষে ভেনিস চলচ্চিত্র উৎসবেও অংশ নেন তিনি। সেখানে দর্শকদের প্রতিক্রিয়া কাছ থেকে দেখার অভিজ্ঞতা তাঁর কাছে ছিল বিশেষ। সিনেমাটিতে বিয়ের সাজে অভিনয় করতে গিয়ে ভারী পোশাক, সাজসজ্জা এবং দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। মাথায় ঘোমটা ঠিকভাবে আটকে দেওয়ার পর শুটিং শেষ না হওয়া পর্যন্ত শৌচাগারেও যেতে পারেননি বলে জানান অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি শাস্ত্রীয় নৃত্যেও রয়েছে সুনেরাহর অভিজ্ঞতা। পুরস্কার অনুষ্ঠানে ‘পাতার বাঁশরি’ গানের পরিবেশনায় সেই দিকটিও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, অনেকেই আগে জানতেন না যে তার শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষণ রয়েছে। পরিবেশনার মাধ্যমে দর্শক তার প্রতিভার আরেকটি দিক দেখতে পেয়েছেন।
বর্তমানে দর্শকদের দেখার অভ্যাসেও পরিবর্তন এসেছে বলে মনে করেন সুনেরাহ। স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখার প্রবণতা এবং বিনা মূল্যে ইউটিউবে নাটক দেখার সুযোগের কারণে এই মাধ্যমের জনপ্রিয়তা বাড়ছে। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মগুলোর উচিত এমন মানসম্মত কনটেন্ট তৈরি করা, যা দর্শককে বসে মনোযোগ দিয়ে দেখতে আগ্রহী করে তোলে। তার মতে, চলচ্চিত্র, ধারাবাহিক ও টেলিভিশন নাটক, প্রতিটি মাধ্যমেরই নিজস্ব দর্শক রয়েছে।
ভোরের আকাশ/জেআ