কপিল-সালমানকে ‘সোজা বুকে গুলি’ করার হুমকি, নিরাপত্তায় বড় পদক্ষেপ বলিউডের

বলিউড সুপারস্টার সালমান খানের পর এবার সরাসরি হত্যার হুমকির মুখে পড়েছেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। কানাডায় কপিলের মালিকানাধীন এক ক্যাফেতে গত এক মাসে দু’বার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
সম্প্রতি এক অডিও বার্তায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সদস্য গোল্ডি ধিঁলো হামলার দায় স্বীকার করে জানায়— সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কপিলের ক্যাফেতে গুলি চালানো হয়েছে। তিনি আরও হুমকি দেন, “পরেরবার সোজা বুকে গুলি করা হবে।”
ঘটনার পর কপিলের মুম্বাইয়ের বাড়ি ও কানাডার ক্যাফেতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি মুম্বাই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
বলিউড তারকাদের উদ্দেশ্য করে এমন হুমকি ও হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই। এ পরিস্থিতিতে ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বড় পদক্ষেপ নিয়েছে। সংগঠনটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করেছে, যাতে তিনি কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিদেশে ভারতীয় তারকাদের নিরাপত্তা নিশ্চিত করেন।
তাদের দাবি, সালমান খান, বাবা সিদ্দিকি, সাইফ আলি খানের ওপর সাম্প্রতিক হামলাগুলো নতুন হুমকির ইঙ্গিত দিচ্ছে। পরবর্তী লক্ষ্য কে হতে পারে, তা নিয়ে এখন সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের মতে, এ ধরনের ঘটনা ফিল্ম ইন্ডাস্ট্রির হাজারো মানুষের জীবিকা বিপন্ন করে তুলছে।
উল্লেখ্য, কানাডায় ব্যবসার উদ্দেশ্যে কপিল শর্মা একটি ক্যাফে চালু করেন। উদ্বোধনের এক সপ্তাহের মাথায় শুরু হয় হুমকি। গত ৯ জুলাই রাত ১টার দিকে প্রথমবার সেখানে গুলিবর্ষণ হয়। এরপর এক মাসও পেরোয়নি, গত বৃহস্পতিবার রাতে দ্বিতীয়বারের মতো গুলিবর্ষণ হয় রেস্তোরাঁয়। ভারতীয় গণমাধ্যমের দাবি, সেদিন অন্তত ২৫ রাউন্ড গুলি চালানো হয়েছিল, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভোরের আকাশ//হ.র