মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে দেখা করে আবেগে ভাসলেন সামান্থা

নিজের আসন্ন তেলুগু সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারে বর্তমানে ব্যস্ত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রচারের অংশ হিসেবে চেন্নাই সফরে গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তার সাবেক সহ-অভিনেতা বিজয়ের সঙ্গে দেখা করেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিজয়ের সঙ্গে দুটি ছবি পোস্ট করে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন সামান্থা।
পোস্টে সামান্থা লিখেছেন, চেন্নাইয়ে পৌঁছানোর পর থেকেই তিনি এক ধরনের বিশেষ আনন্দ অনুভব করছিলেন, কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তিনি বলেন, আমার সবসময়ই মনে হয়েছে, বিজয় স্যার শুধু পর্দার নায়ক হওয়ার জন্য জন্মাননি। তার ব্যক্তিত্ব, উপস্থিতি এবং মানুষ যেভাবে তাকে গ্রহণ করে, তাতে সবসময়ই মনে হয়েছে তিনি আরও বড় কিছুর জন্য তৈরি।
বিজয়ের রাজনৈতিক যাত্রার সাহসিকতারও প্রশংসা করেন সামান্থা। তার ভাষায়, যে জায়গায় আপনি ইতোমধ্যেই সফল, সেটি ছেড়ে সম্পূর্ণ নতুন এক ক্ষেত্রে পা রাখা অনেক সাহসের ব্যাপার। সহজ বলে নয়, বরং মানুষের জন্য কিছু পরিবর্তন আনার বিশ্বাস থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি আরও লেখেন, জীবনের কোনও না কোনও সময়ে প্রত্যেক মানুষই নিজের সীমার বাইরে গিয়ে সমাজের জন্য কিছু করার আহ্বান অনুভব করেন। তবে খুব কম মানুষই সেই আহ্বানে সাড়া দেন। পোস্টের শেষে তিনি বিজয়ের জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, তার জন্য শক্তি, প্রজ্ঞা এবং নিজের পথে অটল থাকার সাহস কামনা করছি। আর তরুণদের জন্য এটিই হোক বার্তা জীবন কখনও কখনও আমাদের শুরুতে দেখা স্বপ্নের চেয়েও অনেক বড় হতে পারে।
উল্লেখ্য, বিজয় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেয়ার ঘোষণা দেন এবং ২০২৬ সালের নির্বাচনে অংশ নেয়ার কথা জানান। তিনি ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে) নামে রাজনৈতিক দল গঠন করেন এবং এরপর থেকে তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে জনসভা ও প্রচার চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে,‘মা ইন্তি বাঙ্গারাম’ ২০২৩ সালের শাকুন্তলম ও খুশির পর সামান্থার প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা। সিনেমাটি আগামী ১৯ জুন মুক্তি পাবে।
ভোরের আকাশ/জেআ