রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রোববার (৪ অক্টোবর) দলটির কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষিত প্রার্থী তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়।
এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সদস্য হওয়ার পর পদত্যাগ এবং পরবর্তী সময়ে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে চলা জল্পনার অবসান হলো। কোয়েল মল্লিক এ বছরের এপ্রিলে তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। তবে কয়েক মাসের মধ্যেই ১৬ জুলাই তিনি পদত্যাগ করেন।
তাঁর ছেড়ে দেওয়া আসনেই আগামী ১৬ অক্টোবর রাজ্যসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৯ অক্টোবর পর্যন্ত। ১৬ অক্টোবর ভোটগ্রহণের পাশাপাশি সেদিনই ভোট গণনা হবে।
পদত্যাগের পর থেকেই কোয়েল মল্লিকের পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়। এর আগে তৃণমূলের রাজ্যসভার সদস্য সুশমিতা দেব, প্রকাশ চিক বরাইক ও সুখেন্দুশেখর রায়ও পদত্যাগের পর বিজেপির প্রার্থী হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন।
বিজেপির প্রার্থী ঘোষণার পর এবার কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনেই তাঁকে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। ১৬ অক্টোবরের ভোটে জয়ী হলে তিনি বিজেপির প্রার্থী হিসেবে রাজ্যসভায় ফিরবেন।
ভোরের আকাশ/জেআ