বিয়ের সাজে অভিনেত্রীদের নতুন রূপ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করেন অভিনেত্রীরা। কখনো নিত্যনতুন পোশাক, কখনো ভিন্নধর্মী সাজে নজর কাড়েন অনুসারীদের। তবে সম্প্রতি তাঁদের অনেকের ফেসবুক পাতায় দেখা যাচ্ছে বিয়ের সাজের ছবি। নানা আঙ্গিকের শাড়ি, গয়না ও বাহারি সাজে বধূরূপে ধরা দিচ্ছেন অভিনেত্রীরা, যা নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন বিদ্যা সিনহা মিম। তার পরনে বিয়ের সাজ। পরেছেন হালকা গোলাপি ও শ্যাম্পেন রঙের মিশেলে সিল্কের শাড়ি, যেটার জমিনজুড়ে রয়েছে সূক্ষ্ম সোনালি জরির কাজ। ঢেউ খেলানো চুলে মানানসই ওড়না, কপালে টিকলি এবং গলায় ভারী পাথরখচিত নেকলেসের সঙ্গে ঝুমকা কানের দুল। পুরো সাজে রাজকীয় আবহ ফুটে উঠেছে।
একই দিনে বিয়ের সাজে দেখা দিয়েছেন মেহজাবীন চৌধুরীও। তিনি সেজেছেন টুকটুকে লাল বেনারসিতে। শাড়ির সঙ্গে সূক্ষ্ম কারুকাজের ওড়না। কপালে ছোট লাল টিপ, টানা কাজল ও গাঢ় লাল লিপস্টিকের সঙ্গে তিনি মাথাপট্টি, নথ, কানের দুল, চোকার হার, হাতের চুড়ি ও পায়ের নূপুরসহ সোনালি গয়না পরেছেন। পুরো সাজে তিনি ঐতিহ্য আর আভিজাত্যের সংমিশ্রণ ঘটিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও বিয়ের সাজে দেখা দিয়েছেন ফেসবুকে। একগুচ্ছ ছবিতে তাকে দেখা গেল নজরকাড়া রূপে। সোনালি জরি ও ফুলেল কারুকাজ করা লালচে-কমলা শাড়ির সঙ্গে পরেছেন ফুলহাতা ব্লাউজ। খোঁপায় সাদা গোলাপ ও ছোট ফুল, হাতে আংটি-সংযুক্ত ব্রেসলেট, ভারি সোনালি নেকলেস ও টিকলি। সব মিলিয়ে তিশার সাজেও ঐতিহ্য আর আভিজাত্যের মেলবন্ধন ঘটেছে।
এখানেই শেষ নয়, দিন দুয়েক আগে অভিনেত্রী কেয়া পায়েলও বিয়ের সাজে ফটোশুট করেছেন। তাকে দেখা গিয়েছিল ডার্ক-মেরুন রঙের লেহেঙ্গা ও ব্লাউজে।
অভিনেত্রীদের এমন বিয়ের সাজে দেখে তাদের ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। রিঅ্যাকশন ও মন্তব্যের মাধ্যমে নিজের ভালোলাগা জানাচ্ছেন ভক্তরা। কিন্তু হঠাৎ অভিনেত্রীদের এমন বিয়ের সাজ কেন?
শীতের মৌসুম শুরু হচ্ছে। এই মৌসুমে বিয়ের সংখ্যা বৃদ্ধি পায়। ফলে বিভিন্ন পোশাক, মেকআপ ও প্রসাধনী প্রতিষ্ঠানগুলো বাড়তি প্রচারণায় মনোযোগ দেয়। এর জন্য তারকাদের দিয়ে বিশেষ ফটোশুট করানো হয়। মিম, মেহজাবীন, তিশা-দের বিয়ের সাজ মূলত এরকমই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণার স্বার্থে।
বলা দরকার, এই চার অভিনেত্রীর মধ্যে কেবল কেয়া পায়েল এখনো বিয়ে করেননি। বাকি তিনজনেই ঘর বেঁধেছেন। মিমের স্বামী সনি পোদ্দার, মেহজাবীনের সঙ্গী নির্মাতা আদনান আল রাজীব এবং তিশার জীবনসঙ্গী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
ভোরের আকাশ/জেআ