সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা, কেমন আছেন অর্জুন?

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানি তার আসন্ন শো ‘চুম্বক’-এর প্রচার করার সময় একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন। এই দুর্ঘটনার খবরে তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অভিনেতা তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। অর্জুন জানিয়েছেন, দুর্ঘটনায় তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই তবে তিনি ভালো আছেন।
অর্জুন বিজলানি শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে তার সর্বশেষ অবস্থার কথা জানান ভক্তদের। তিনি বলেন, বন্ধুরা, আমি একদম ঠিক আছি এবং আমার বন্ধু ও পরিবারকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে ফোন করে আমার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। এটি একটি খুব সামান্য দুর্ঘটনা ছিল। অবশ্যই, গাড়িটি মেরামত করতে হবে, কিন্তু চিন্তা করবেন না, আমার বীমা করা আছে। তিনি তার ভক্তদের ভালোবাসা ও উদ্বেগের জন্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করেন এবং বলেন, সব ভালোবাসার জন্য ধন্যবাদ এবং নিজেদের যত্ন নেবেন।
টাইমস নাউ-এর একটি প্রতিবেদন অনুসারে, অর্জুন বৃহস্পতিবার (২০ আগস্ট) কমেডিয়ান ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঞ্চালিত একটি ভারতীয় গেম শো-এর সেটে গিয়েছিলেন। অভিনেতা তার আসন্ন ফ্যামিলি ওয়েব সিরিজের প্রচারের জন্য গেম শো-টিতে গিয়েছিলেন। শুটিং থেকে ফেরার পথে অর্জুনের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। প্রতিবেদন অনুসারে, অভিনেতা নিরাপদে আছেন এবং কোনো আঘাত পাননি। গাড়িতে তার সঙ্গে থাকা প্রত্যেকেও নিরাপদে আছেন।
অর্জুন বিজলানি ভারতীয় টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ। ‘মিলে জব হাম তুম’ টিভি শো-তে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম পরিচিতি লাভ করেন এবং এরপর ‘নাগিন’, এবং ‘ইশক মে মারজাওয়ান’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় শো-তে প্রধান চরিত্রে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন জনপ্রিয় শোয়ের উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছেন।
ভোরের আকাশ/জেআ