সহিংসতার বিরুদ্ধে কণ্ঠ তুললেন কৌশিকী

দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ঘটনায় প্রতিবাদের সুর আরও জোরালো হচ্ছে। গায়ক অরিজিৎ সিংয়ের পর এবার সরব হয়েছেন ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী কৌশিকী চক্রবর্তী। তিনি বলেছেন, শিশু-কিশোরদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি রাজনীতির নয়, মানবতার প্রশ্ন।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সোমবার (২০ জুলাই) দিল্লিতে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে দিল্লি পুলিশ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে অংশ নেয়া অনেক কিশোর-তরুণও এতে আহত হন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
এর আগে গায়ক অরিজিৎ সিং সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি পুলিশ ও রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করে লেখেন, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ লজ্জাজনক এবং পরিবর্তনই একমাত্র চিরন্তন সত্য। বুধবার (২২ জুলাই) ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে কৌশিকী চক্রবর্তী লেখেন, এটি আমাদের শিশুদের নিয়ে, আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে। তাদের ব্যবহার করা বা তাদের কথা না শোনা কখনোই গ্রহণযোগ্য নয়। তাদের কথা শোনা উচিত। ক্ষমতার অপব্যবহার করে তাদের চুপ করিয়ে রাখা যাবে না। তাদের রক্ত ঝরছে, এটি মেনে নেয়া যায় না। তিনি পোস্টে স্পিকআপ হ্যাশট্যাগও ব্যবহার করেন।
আরেকটি বার্তায় কৌশিকী বলেন, যখন তরুণেরা রক্তাক্ত হয়, তখন পুরো দেশই রক্তাক্ত হয়। এটি রাজনীতির বিষয় নয়, এটি মানবতার প্রশ্ন। কৌশিকীর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একাংশ তাঁর অবস্থানকে সাহসী বলে প্রশংসা করেছেন। তাঁদের মতে, তরুণদের নিরাপত্তা ও মত প্রকাশের অধিকার রক্ষার পক্ষে শিল্পীদের কথা বলা প্রয়োজন।
তবে অন্য একটি অংশের মত, ঘটনার পেছনের সামগ্রিক পরিস্থিতিও বিবেচনায় নেওয়া উচিত। তাদের দাবি, বিক্ষোভের সময় যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটিও আলোচনায় আসা প্রয়োজন এবং শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেয়া উচিত ছিল। দিল্লির এই ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে শিক্ষার্থীদের নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/জেআ