ঈদে নতুন গান ‘লোকে বলে’ নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে তিনি নিয়ে আসছেন ‘লোকে বলে’ শিরোনামের একটি ধামাকাদার গান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফারিয়া নিজেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে গানটির ২০ সেকেন্ডের টিজার, যা ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টিজারের শুরুতেই দেখা যায় ফুয়াদ আল মুক্তাদিরের এন্ট্রি। সিন্থেসাইজার ও বাদ্যযন্ত্রের ঝংকারের সঙ্গে সঙ্গে পর্দায় আবির্ভূত হন গ্ল্যামারাস নুসরাত ফারিয়া। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় গানের সংলাপ—‘লোকেতে বলে রে, কই থেকে আইলো সে।’
টিজারজুড়ে ফারিয়াকে একাধিক আকর্ষণীয় লুকে দেখা গেছে। একটি দৃশ্যে তাঁকে কালো রঙের ওয়ান-শোল্ডার পোশাকে রেড কার্পেটে হেঁটে আসতে দেখা যায়। আরেকটি দৃশ্যে উৎসবমুখর পরিবেশে ঝলমলে লেহেঙ্গা পরে ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সঙ্গে নাচতে দেখা যায় তাঁকে।
টিজারের স্ক্রিনে ভেসে ওঠে ‘ফারিয়া ইজ ব্যাক’ এবং গানটির নাম ‘লোকে বলে’। সামাজিক মাধ্যমে টিজারটি শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, এই ঈদে আসছেন মনের টেম্পারেচার বাড়াতে।
এর আগে গত শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ভক্তদের চমকে দেন। সেখানে তিনি লেখেন, তিনি কথা দিয়েছিলেন নতুন গান নিয়ে আসবেন এবং এবারের ঈদের উদযাপন আরও গ্র্যান্ড হতে যাচ্ছে।
ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে যৌথভাবে প্রকাশিত হবে। নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদব। আগামী ২৬ মে গানটি সম্পূর্ণভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভোরের আকাশ/সু.পা