না ফেরার দেশে চলে গেলেন রক তারকা জেনিফার

মার্কিন অল-ফিমেল রক ব্যান্ড ‘এলসেভেন’ (L7)-এর বেস গিটারিস্ট জেনিফার ফিঞ্চ আর নেই। ব্রেন ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শনিবার (১৮ জুলাই) ৫৭ বছর বয়সে মারা যান তিনি।
জেনিফারের মৃত্যুর খবর নিশ্চিত করে ব্যান্ডটির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, প্রিয় ব্যান্ডসঙ্গী, বন্ধু ও বোনকে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত।
বিবৃতিতে আরও বলা হয়, জেনিফারের অদম্য মানসিক শক্তি ও সৃজনশীলতা এলসেভেন ব্যান্ডকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংগীত ও শিল্পের জগতে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
১৯৮৭ সালে জেনিফার ফিঞ্চ এলসেভেন ব্যান্ডে যোগ দেন। নব্বইয়ের দশকে গ্রাঞ্জ ও ‘রায়ট গার্ল’ আন্দোলনের সময় ব্যান্ডটির জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। বিশেষ করে ১৯৯২ সালের রিডিং ফেস্টিভ্যালে কিংবদন্তি ব্যান্ড নির্ভানার সঙ্গে একই মঞ্চে তাদের পরিবেশনা ব্যাপক আলোচিত হয়।
চলতি বছরের শুরুতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ব্যান্ডটির ‘লাস্ট হুররাহ ট্যুর’-এর যুক্তরাষ্ট্র অংশ থেকে সরে দাঁড়ান জেনিফার। পরে জানা যায়, তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত।
জেনিফারের চিকিৎসার জন্য ভক্তরা তহবিল গঠনের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানেন এই রক তারকা। তার মৃত্যুতে বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/এনএ