গোবিন্দার ভিলেন অবতারেও হয়নি কামব্যাক

একসময় বলিউডে গোবিন্দা মানেই ছিল হাসি, নাচ ও বিনোদনের নিশ্চয়তা। ‘হিরো নাম্বার ওয়ান’ হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলে যায় ক্যারিয়ারের সমীকরণ। অভিনয়ে নতুনভাবে ফেরার চেষ্টা করতে গিয়ে এবার নেতিবাচক চরিত্র বেছে নেন এই অভিনেতা। তাঁকে ঘিরে তৈরি হয়েছিল গ্র্যান্ড কামব্যাকের প্রত্যাশা। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাবর্তন সফল হয়নি।
সিনেমাটির নাম ‘কিল দিল’। দীর্ঘ ১৪ বছর পর আবারও ভিলেনের চরিত্রে দেখা যায় গোবিন্দাকে। এর আগে ২০০০ সালে ‘শিকারি’ ছবিতে প্রথমবার নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর একই ধরনের চরিত্রে ফিরে আসা ছিল তাঁর ক্যারিয়ারের জন্য বড় এক পরিবর্তন।

২০১৪ সালের ১৪ নভেম্বর মুক্তি পায় ‘কিল দিল’। ছবিটি পরিচালনা করেন শাদ আলি। প্রযোজনায় ছিল যশ রাজ ফিল্মস। সংগীত পরিচালনা করেন শঙ্কর-এহসান-লয় এবং গানের কথা লেখেন গুলজার।

ছবিটির গানগুলো অবশ্য আলাদাভাবে শ্রোতাদের প্রশংসা পেয়েছিল। ‘সাজদা’ ও ‘বাবারা’সহ বেশ কয়েকটি গান জনপ্রিয়তা অর্জন করে। এখনো গানগুলো অনেকের পছন্দের তালিকায় রয়েছে। তবে গান জনপ্রিয় হলেও সিনেমাটি দর্শকদের সেভাবে আকৃষ্ট করতে পারেনি।

প্রায় ৪০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটির ভারতে নেট আয় ছিল ৩৩ কোটি ১৪ লাখ রুপি। বিশ্বব্যাপী আয় দাঁড়ায় প্রায় ৫৮ কোটি ৬০ লাখ রুপি। ফলে বক্স অফিসে ছবিটি ফ্লপ হয়। যে কামব্যাকের জন্য এত আয়োজন, তা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি।

তবে ছবির ব্যর্থতার মধ্যেও গোবিন্দার অভিনয় আলাদা করে প্রশংসা পেয়েছিল। তাঁর নেতিবাচক চরিত্রটি নজর কেড়েছিল সমালোচকদের। স্টারডাস্ট অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জেতেন তিনি। প্রোডিউসার্স গিল্ড অ্যাওয়ার্ডসেও একই চরিত্রের জন্য সেরা ভিলেনের সম্মান পান।
পুরস্কার এলেও ক্যারিয়ারের মোড় ঘোরেনি। ‘কিল দিল’-এর পর আরও চার-পাঁচটি ছবিতে অভিনয় করেন গোবিন্দা। কিন্তু সেগুলোর কোনোটিই বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পায়নি। ফলে ভিলেন হয়ে নতুন করে ফেরার যে স্বপ্ন ছিল, সেটিও অধরাই থেকে যায়।
‘কিল দিল’ তাই গোবিন্দার ক্যারিয়ারের এক ব্যতিক্রমী অধ্যায়। অভিনয়ের প্রশংসা পেয়েছিলেন, পুরস্কারও জিতেছিলেন। কিন্তু দর্শক ও বক্স অফিসের সমর্থন মেলেনি। ছবির গান আজও শোনা হয়, অথচ সিনেমাটি নিয়ে আলোচনা তুলনামূলক কম। বলিউডের এমন কিছু ছবির গল্প নতুন করে ফিরে দেখা দরকার। কারণ, সব ব্যর্থ ছবির গল্প একরকম নয়। কোনো কোনো ছবিতে ব্যর্থতার আড়ালেও থেকে যায় একজন অভিনেতার ভিন্নভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা।
ভোরের আকাশ/জেআ