পেট্রোল পাম্পের ওয়াশরুমে হেনস্তার শিকার ফারিন খান

ঢাকা থেকে জামালপুরে একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ফারিন খান। ১৩ মে দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে তাকে হেনস্তা ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে এ ঘটনার বর্ণনা দেন অভিনেত্রী নিজেই।
ফেসবুক পোস্টে ফারিন খান লেখেন, “১৩ তারিখ জামালপুর যাচ্ছিলাম। বাধ্য হয়েই রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যাই। কয়েক মিনিট পর হঠাৎ মনে হলো, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পরক্ষণেই তাকিয়ে দেখি, ভেন্টিলেটর দিয়ে দুটো হাত আমার গলার কাছে চলে এসেছে। আমি সময়মতো চিৎকার না করলে হয়তো আমাকে মেরে ফেলে লুটপাটের পর ধর্ষণের চেষ্টা করা হতো।”
তিনি আরও জানান, সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন। তার চিৎকার শুনে ড্রাইভার এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পরে ড্রাইভার জানান, লোকটিকে ওয়াশরুমের পেছনের দিকে যেতে দেখলেও তিনি ভেবেছিলেন, হয়তো ময়লা ফেলতে যাচ্ছিল।
ফারিন খান বলেন, “ওপরে ওপরে সাহস দেখালেও ভেতরে ভেতরে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। পরদিন সকালে শুটিং ইউনিটের অনেকের সঙ্গে বিষয়টি শেয়ার করেছি। এর চেয়ে ভয়াবহ অভিজ্ঞতা আর হতে পারে না।”
তিনি আরও লেখেন, “ভাবছিলাম কাউকে বলে কী হবে! হয়তো আল্লাহ সেদিন আমাকে রক্ষা করেছেন। কিন্তু মানসিকভাবে আমি যে কতটা কষ্ট পেয়েছি, কতটা আতঙ্ক ও চাপা যন্ত্রণা অনুভব করেছি, সেটা শুধু আমিই জানি।”
দেশে নারীদের নিরাপত্তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার ভাষায়, “আমরা যারা বাইরে কাজ করি, তারা জানি প্রতিনিয়ত কত ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই দেশে মেয়েরা সত্যিই নিরাপদ নয়। এখানে এখনও নারীদের পোশাক দিয়ে বিচার করা হয়। ধর্ষণের মতো ঘটনায়ও অনেক সময় নারীকেই দায়ী করা হয়, অথচ এমন অপরাধের যথাযথ বিচার খুব কমই হয়।”
ভোরের আকাশ/সু.পা